মন কি বাত অনুষ্ঠানে ২০২৫ সালের ভারতের গর্বের মুহূর্তগুলি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর থেকে খেলাধুলো, মহাকাশ ও সংস্কৃতিতে দেশের চূড়ান্ত সাফল্যের স্মৃতিচারণা।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 28 December 2025 13:42
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালের শেষ মন কি বাত (Mann Ki Baat) অনুষ্ঠানে দেশের সাফল্য, গর্ব আর আত্মবিশ্বাসের ঝলক তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার ১২৯তম পর্বের ভাষণে তিনি স্পষ্ট করে জানালেন, এই বছর ভারত শুধু নিজের ভিত শক্ত করেনি, গোটা বিশ্বকে স্পষ্ট বার্তাও দিয়েছে যে দেশের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না। সেই প্রসঙ্গে বারবার উঠে এল অপারেশন সিঁদুরের (Operation Sindoor) কথা।
প্রধানমন্ত্রী মনে করেন, ‘অপারেশন সিঁদুর’ ২০২৫ সালে প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের প্রতীক। গোটা দুনিয়া দেখেছে, আজকের ভারত নিজের নিরাপত্তার প্রশ্নে একচুলও নরম নয়। পাকিস্তানের দুঃসাহসের বিরুদ্ধে এই অভিযানের মাধ্যমে বিশ্বকে বার্তা দেওয়া হয়েছে বলেই মনে করেন তিনি। একই সঙ্গে বলেন, 'এই অভিযানের সময় দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে যে দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি ভালবাসার ছবি সামনে এসেছে, তা সত্যিই অনুপ্রেরণার। সেই আবেগই আবার দেখা গিয়েছে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গানটির ১৫০ বছর পূর্তির সময়ও।'
খেলাধুলোর ময়দানেও ২০২৫ ভারতীয়দের কাছে স্মরণীয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভারতীয় পুরুষ ক্রিকেট দল (Men’s Cricket Team) জিতেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy), আর মহিলা ক্রিকেট দল (Women’s Cricket Team) প্রথমবারের মতো জিতেছে বিশ্বকাপ (World Cup)। পাশাপাশি, মহিলা ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women’s Blind T20 World Cup) জয়ের কথাও বিশেষভাবে তুলে ধরেন তিনি। মোদীর বক্তব্য, প্যারা-অ্যাথলিটদের বিশ্ব মঞ্চে একের পর এক পদক জয় প্রমাণ করে দিয়েছে-দৃঢ় সংকল্পের সামনে কোনও বাধাই বড় নয়।
বিজ্ঞান ও মহাকাশ গবেষণার ক্ষেত্রেও ভারতের সাফল্যের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) নাম। তাঁর কথায়, “ভারত মহাকাশ গবেষণায় বড় সাফল্য পেয়েছে। শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station) পৌঁছনো প্রথম ভারতীয় হয়ে ইতিহাস গড়েছেন।” একই সঙ্গে পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণ সংরক্ষণে নানা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান, দেশে এখন চিতার সংখ্যা (Cheetah Population) ৩০ ছাড়িয়েছে।
সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষেত্রে ২০২৫ বিশ্বকে তাক লাগিয়েছে। বছরের শুরুতেই প্রয়াগরাজ মহাকুম্ভ (Prayagraj Mahakumbh) আয়োজন গোটা দুনিয়াকে বিস্মিত করে। আর বছরের শেষে অযোধ্যার রামমন্দিরে (Ram Temple, Ayodhya) পতাকা উত্তোলনের মুহূর্ত গর্বের সঞ্চার করেছে প্রতিটি ভারতবাসীর মনে।
আগামী দিনের দিকে তাকিয়ে তরুণদের উদ্দেশেও বার্তা দেন প্রধানমন্ত্রী। স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিবস উপলক্ষে ১২ জানুয়ারি পালিত হবে জাতীয় যুব দিবস (National Youth Day)। ওই দিনই আয়োজিত হবে ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ’ (Viksit Bharat Young Leaders Dialogue), যেখানে তিনি নিজে অংশ নেবেন এবং তরুণদের ভাবনা ও প্রস্তাব শুনবেন।
এছাড়াও কাশী তামিল সংগমম (Kashi Tamil Sangamam) প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বারাণসীর বহু স্কুলে তামিল ভাষা শেখানোর উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে নতুন আকর্ষণ তৈরি করেছে। তাঁর কথায়, “তামিল বিশ্বের প্রাচীনতম ভাষাগুলির অন্যতম। ভাষার মাধ্যমেই ভারতের ঐক্য আরও শক্ত হচ্ছে।”
মন কি বাতের শেষ পর্বে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেন, ২০২৫ শুধু সাফল্যের বছর নয়, আত্মবিশ্বাসী ভারতের নতুন পরিচয়েরও বছর।