প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। দেন বিভিন্ন বার্তা।

নরেন্দ্র মোদী (ফাইল ছবি)
শেষ আপডেট: 27 July 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: ২৩ অগস্ট ‘ন্যাশনাল স্পেস ডে’-কে সামনে রেখে ভারতীয় মহাকাশবিজ্ঞানের অগ্রগতি এবং আত্মনির্ভরতার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ১২৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের বিজ্ঞান, সংস্কৃতি, ক্রীড়া ও পরিবেশ নিয়ে একগুচ্ছ সাফল্যের খতিয়ান দিলেন প্রধানমন্ত্রী। বললেন, 'এই সাফল্য প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের।'
সম্প্রতি মহাকাশ থেকে নিরাপদে ফিরে আসা মহাকাশচারী শুভাংশু শুক্লার কথা তুলে ধরে মোদী বলেন, 'সম্পূর্ণ দেশ আনন্দে আত্মহারা হয়েছিল। ভারতের মহাকাশযাত্রার ইতিহাসে এক নতুন অধ্যায় লেখা হল। সেই আনন্দ পৌঁছে গেছে প্রতিটি মানুষের হৃদয়ে।' তাঁর কথায়, দেশের তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশবিজ্ঞান নিয়ে উৎসাহ ক্রমশ বাড়ছে। বলেন, 'আজ ভারতজুড়ে হাজার হাজার স্পেস স্টার্টআপ উঠে আসছে। এই উদ্যোগগুলো শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, আত্মনির্ভর ভারতের স্বপ্নপূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।'
শুধু বিজ্ঞান নয়, সংস্কৃতি এবং হস্তশিল্পের ক্ষেত্রেও মহিলাদের অবদানের প্রশংসা করেন মোদী। তিনি বলেন, 'সাঁওতালি শাড়ি আবার ফিরিয়ে আনছেন মহিলারা। আমাদের বস্ত্রশিল্প শুধু একটা অর্থনৈতিক ক্ষেত্র নয়, এ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এভাবে আমাদের গ্রামীণ সমাজও পরিবর্তনের শরিক হচ্ছে।'
প্রতি মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। দেন বিভিন্ন বার্তা। আজও সেই সূত্রেই স্পেস ডে-সহ একাধিক বিষয়ে কথা বলেন তিনি। জানান, বর্তমানে দেশে ৩ হাজারেরও বেশি স্টার্টআপ কাজ করছে, যারা ভরসা রাখছে স্থানীয় শিল্প ও প্রযুক্তির উপর। বললেন, '২০৪৭ সালের ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন শুধু আত্মনির্ভরতার মাধ্যমেই পূরণ করা সম্ভব। ‘ভোকাল ফর লোকাল’-এর ডাক এখন সময়ের দাবি।'
খেলাধুলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা এখন শুধু অলিম্পিকেই নয়, অলিম্পিয়াডেও উন্নতি করছি। দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রীড়া সামগ্রী দিয়ে খেলছে আমাদের ছেলেমেয়েরা। স্টার্টআপরা খেলাধুলার জগতে নতুন বিপ্লব এনেছে।'
পরিবেশ ও প্রযুক্তির সংযোগে উদাহরণ হিসেবে কাজিরাঙা জাতীয় উদ্যানের উদ্ভাবনী প্রকল্পের কথা বলেন মোদী। জানান, সেখানে ৪০টিরও বেশি ঘাসজীবী পাখির অস্তিত্ব ধরা পড়েছে, প্রযুক্তির সাহায্যে। তাঁদের ডাক রেকর্ড করে এআই ব্যবহার করে চিহ্নিত করা সম্ভব হয়েছে। প্রযুক্তি আর সংবেদনশীলতা একসঙ্গে চললে ফল হয় অসাধারণ।
এছাড়াও মহারাষ্ট্রের ১২টি দুর্গকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'এই দুর্গগুলি শুধু ইতিহাস নয়, আমাদের আত্মমর্যাদার প্রতীক। আমি রায়গড় গিয়েছিলাম, অভিজ্ঞতা জীবনের সম্পদ হয়ে থাকবে। দেশবাসীকে বলব, এরকম দুর্গ ঘুরে দেখুন।'
ভাষা ও লিপি সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও স্মরণ করান মোদী। তামিলনাড়ুর মণি মারানের প্রসঙ্গ তুলে বলেন, 'ওই ব্যক্তি ‘পান্ডুলিপি’ শেখাচ্ছেন, গবেষণাও করছেন। যদি এই উদ্যোগ সারাদেশে অনূদিত হয়, তাহলে পুরনো জ্ঞান আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে।'
সবশেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে নামো অ্যাপ-এর মাধ্যমে পরামর্শ দেওয়ার আহ্বান জানান এবং বলেন, 'দেশ গড়তে আপনাদের মতামতই আমাদের পথ দেখায়।'