বিহারের পূর্ণিয়ায় ভয়াবহ দুর্ঘটনা। দুর্গাপুজোর মেলা থেকে ফেরার পথে বন্দে ভারতের ধাক্কায় প্রাণ হারালেন ৪ জন। আহতদের ভর্তি করা হয়েছে জিএমসিএইচ-এ। তদন্ত শুরু করেছে রেলপুলিশ।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 3 October 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: বিহারের পূর্ণিয়ায় শুক্রবার ভোরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল অন্তত চার জনের। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, ভর্তি করা হয়েছে পূর্ণিয়ার জিএমসিএইচ-এ।
স্থানীয়রা জানাচ্ছে, দুর্গা মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফিরছিলেন কয়েকজন যুবক। এদিন ভোরে জগবনি–পাটলিপুত্র রুটের বন্দে ভারত এক্সপ্রেস তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেলপুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
কীভাবে এমন দুর্ঘটনা হল, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। রেলকর্মীদের গাফিলতি ছিল না কি দ্রুতগতির ট্রেন উপেক্ষা করে রেললাইন পার হতে গিয়ে বিপদ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
রেলপুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে সব দিক খতিয়ে দেখার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, কারণ স্পষ্ট হবে দ্রুত।