নবমীর বিকেলে কাজ সেরে স্কুটিতে করে একসঙ্গে বাড়ি ফিরছিলেন তাঁরা। নন্দীপুকুরের নতুন ব্রিজের উপর ঘটে দুর্ঘটনা।

শেষ আপডেট: 2 October 2025 09:54
দ্য ওয়াল ব্যুরো: নবমীর সন্ধ্যায় ঠাকুর দেখার পরিকল্পনা ছিল হয়তো ৩ বন্ধুর। কাজ শেষে স্কুটিতে ফিরছিলেন তাঁরা। কিন্তু পথেই মর্মান্তিক পরিণতি, পাল্টে গেল সবটা। হুগলির মগরা থানার নন্দীপুকুর এলাকায় নবমীর বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম অভিষেক রাম। বয়স ২৬ বছর। অভিষেক ও তাঁর দুই বন্ধু বড় খেঁজুরিয়া মল্লিকপাড়া এলাকার বাসিন্দা। একই জায়গায় কাজ করতেন তিনজন। নবমীর বিকেলে কাজ সেরে স্কুটিতে করে একসঙ্গে বাড়ি ফিরছিলেন তাঁরা। নন্দীপুকুরের নতুন ব্রিজের উপর ঘটে দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ব্রিজের উলটো দিক থেকে একটি মোটরচালিত ভ্যান উপরে উঠছিল, আর স্কুটিতে থাকা তিন যুবক ব্রিজ থেকে নামছিলেন। মুখোমুখি সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে অভিষেক ছিটকে পড়ে যান রাস্তায়। তাঁর দুই সঙ্গীও গুরুতর জখম হন।
স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা সেখানেই অভিষেককে মৃত ঘোষণা করেন। আহত দুই বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছয়। অভিষেকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী ব্রিজ দিয়ে কেবল মিঠাপুকুরমুখী যান চলাচল হওয়ার কথা থাকলেও উলটো দিক দিয়ে প্রায়শই গাড়ি ওঠে। ট্রাফিক পুলিশের নজরদারি নেই, পর্যাপ্ত আলো বা সিসিটিভি ক্যামেরাও বসানো হয়নি। এই কারণে বারবার দুর্ঘটনা ঘটছে বলে দাবি।
পুজোর আনন্দের মাঝে দুর্ঘটনার খবর পৌঁছতেই অভিষেকের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। শোকস্তব্ধ প্রতিবেশীরাও।