জঙ্গলটিতে বাঘ, হাতি, চিতা সব ধরনের বন্যপ্রাণীর (Wild Animal) চলাচল রয়েছে। ভয় সব সময় তাঁরা সঙ্গেই নিয়ে চলেন। তবু পথ বন্ধ নেই পড়ুয়াদের।

দুর্গম পথ ধরেই যেতে হয় স্কুলে
শেষ আপডেট: 7 December 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের (Karnataka) চামরাজনগর জেলার এক প্রত্যন্ত গ্রামের পড়ুয়াদের এখন রোজকার রুটিন বাঘ-হাতির এলাকা দিয়ে সাত কিলোমিটার হাঁটতে হাঁটতে স্কুলে যাওয়া (Karnataka News)। পচ্ছেডোড্ডি গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা বেহাল হয়ে পড়ায় বন্ধ হয়েছে সমস্ত যানবাহন। ফলে স্কুলে যেতে হলে মহাদেবেশ্বর পাহাড়ের ঘন জঙ্গলের (Forest Road) ভিতর দিয়েই পথ চলা ছাড়া কোনও উপায় নেই তাদের।
জঙ্গলটিতে বাঘ, হাতি, চিতা সব ধরনের বন্যপ্রাণীর (Wild Animal) চলাচল রয়েছে। ভয় সব সময় তাঁরা সঙ্গেই নিয়ে চলেন। তবু পথ বন্ধ নেই পড়ুয়াদের। কারণ ওই ভাঙা রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ এখনও নেয়নি প্রশাসন।
গ্রামবাসীদের অভিযোগ, এর আগে বনদফতর পড়ুয়াদের জন্য একটি জিপের ব্যবস্থা করেছিল। কিন্তু কিছুদিন চলার পর সেই পরিষেবাও বন্ধ হয়ে যায়। এখন আবার আগের অবস্থাতেই ফিরে এসেছে। বিপদ মাথায় নিয়েই জঙ্গল পেরোতে হচ্ছে শিশুদের।
মুখ্যমন্ত্রীকে চিঠি পড়ুয়াদের
নিরাপত্তার উদ্বেগ বাড়তে থাকায় ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকরা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) কাছে লিখিত আবেদন করেছেন। দ্রুত রাস্তা মেরামতির পাশাপাশি বাস পরিষেবা চালুর অনুরোধ জানিয়েছেন তাঁরা।
এক ছাত্রের কথায়, “আমরা কি মুখ্যমন্ত্রী বা স্থানীয় বিধায়কের নজরে আসি না? দয়া করে আমাদের সাহায্য করুন। বাস বা জিপ— যে কোনও ব্যবস্থা করুন, যাতে আর বন্যপ্রাণীর ভয়ে স্কুলে যেতে না হয়।” গ্রামের মানুষদের ক্ষোভ, প্রশাসন পদক্ষেপ না করলে যে কোনও দিন বড় দুর্ঘটনা ঘটতে পারে। শিশুদের শিক্ষা যেমন থমকে যাবে, তেমনই ঝুঁকিও বাড়বে বহুগুণ।