টেসলার প্রত্যাশা অনুযায়ী বুকিং কিছুটা কম হলেও, এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটি এই বছর ভারতে ৩৫০ থেকে ৫০০টি গাড়ি পাঠানোর পরিকল্পনা করেছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 5 September 2025 12:20
দ্য ওয়াল ব্যুরো: গত জুলাই মাসে ভারতের বাজারে আত্মপ্রকাশ ঘটে টেসলার (Tesla)। মুম্বইয়ের (Mumbai) বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি)-তে ৪ হাজার স্কোয়ার ফুটের একটি বিলাসবহুল শোরুমের উদ্বোধন হয়। আর দু-মাসের মধ্যেই সংস্থার প্রথম গাড়িও বিক্রি হয়ে গেল। কে কিনলেন সেটি?
ভারতের মাটিতে টেসলার প্রথম 'মডেল ওয়াই' (Model Y) ডেলিভারি করা হল। আর সেই গাড়ি কিনলেন মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী (Maharastra Transport Minister) প্রতাপ সারনায়েক (Pratap Sarnaik)। ভিডিওতে দেখা যায়, টেসলার সাদা রঙের গাড়িটির পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এই ডেলিভারি শুধু একটি গাড়ির হস্তান্তর নয়, এটি ভারতের বৈদ্যুতিক গাড়ি বাজারের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন।
দেশে 'মডেল ওয়াই'-এর দাম শুরু হচ্ছে ৫৯.৮৯ লক্ষ টাকা থেকে (RWD), এবং লং রেঞ্জ ভেরিয়েন্ট-এর দাম ৬৭.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। যদিও যে গাড়িটি বিক্রি হয়েছে সেটি মডেল ওয়াইয়ের রেগুলার ভেরিয়েন্ট নাকি লং রেঞ্জ ভেরিয়েন্ট, তা এখনও স্পষ্ট নয়।
#WATCH | Mumbai, Maharashtra: Delivery of the first Tesla (Model Y) car from 'Tesla Experience Centre' at Bandra Kurla Complex, Mumbai, being made to the State's Transport Minister Pratap Sarnaik.
'Tesla Experience Center', the first in India, was inaugurated on July 15 this… pic.twitter.com/UyhUBCYygG— ANI (@ANI) September 5, 2025
টেসলার প্রত্যাশা অনুযায়ী বুকিং কিছুটা কম হলেও, এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংস্থাটি এই বছর ভারতে ৩৫০ থেকে ৫০০টি গাড়ি পাঠানোর পরিকল্পনা করেছে। প্রথম ব্যাচটি সেপ্টেম্বর মাসের শুরুতে সাংহাই থেকে আসবে।
ভারতীয় বাজারে টেসলা 'মডেল ওয়াই'-র দুটি ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হয়েছে। একটি হল — লং রেঞ্জ আরডব্লিউডি (Long Range RWD) এবং লং রেঞ্জ এডব্লিউডি (Long Range AWD)। গাড়িগুলির রং ডার্ক গ্রে, সঙ্গে ব্ল্যাক অ্যালয় হুইল। ভিতরে মিলবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডুয়াল টোন কেবিন, ১৫.৪ ইঞ্চির টাচস্ক্রিন, ওয়্যারলেস চার্জিং, ইউএসবি-সি পোর্ট, ভয়েস কমান্ড, ইন্টারনেট কানেক্টিভিটি এবং অ্যাপ বেসড গাড়ি অ্যাক্সেসের মতো অত্যাধুনিক ফিচার।
এই মডেলটিতে রয়েছে আরও বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যা ভারতের রাস্তায় চলাচলের জন্য উপযুক্ত। উভয় ভার্সনেই রয়েছে ১৫.৪ ইঞ্চির বিশাল টাচস্ক্রিন ডিসপ্লে। স্ট্যান্ডার্ড সংস্করণে রয়েছে ৬০ কিলোওয়াট ব্যাটারি, আর লং রেঞ্জ সংস্করণে দেওয়া হয়েছে ৭৩ কিলোওয়াট ব্যাটারি।
টেসলার কার কনফিগারেশন যথেষ্ট সরল হলেও, অপশনাল ফিচারগুলি একেবারেই সস্তা নয়। ভারতের টেসলা ওয়েবসাইটে মডেল Y-এর জন্য ছ'টি রঙের অপশন রয়েছে, যার মধ্যে শুধু ছাই রংটি বিনামূল্যে দেওয়া হচ্ছে। বাকিগুলোর দাম হল: পার্ল হোয়াইট বা ডায়মন্ড ব্ল্যাকের ক্ষেত্রে অতিরিক্ত ১ লক্ষ টাকা। কুইক সিলভার বা আল্ট্রা রেডের ক্ষেত্রে অতিরিক্ত ২ লক্ষ টাকা। ভিতরে পুরো সাদা লেদার দিয়ে মোড়া ডিজাইন চাইলে, অতিরিক্ত ৯৫ হাজার টাকা।
অর্থাৎ, যাঁরা পুরোদমে কাস্টমাইজড বিলাসবহুল অভিজ্ঞতা চান, তাঁদের পকেট কিছুটা হালকা হবেই।