হামলাকারীর এক আত্মীয় বর্তমানে কারাগারে বন্দি। সেই আত্মীয়ের মুক্তির দাবিতে তিনি দিল্লিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, রেখা গুপ্তার ওপর চড়াও হওয়ার পর স্থানীয় কয়েকজন তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

বিজেপি সাংসদের সঙ্গে রেখা গুপ্তা
শেষ আপডেট: 21 August 2025 12:03
দ্য ওয়াল ব্যুরো: বুধবারের হামলার পর প্রকাশ্যে এল দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) রেখা গুপ্তার (Rekha Gupta) প্রথম ছবি (First Picture)। বৃহস্পতিবার তিনি সাতজন বিজেপি সাংসদের (BJP MPs) সঙ্গে বৈঠক করেছেন।
রাজধানীর বুকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ঢুকে তাঁকে হামলার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। রাজকোটের বাসিন্দা রাজেশ ভিয়া খিমজি নামের এক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। জানা গেছিল, গুরুতর আহত হয়েছিলেন রেখা তবে স্থিতিশীল তিনি। বৃহস্পতিবার হামলার পর তাঁর প্রথম ছবি সামনে আসায় হাঁফ ছেড়ে বেঁচেছেন বিজেপি এবং তাঁর অনুগামীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীর এক আত্মীয় বর্তমানে কারাগারে বন্দি। সেই আত্মীয়ের মুক্তির দাবিতে তিনি দিল্লিতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, রেখা গুপ্তার ওপর চড়াও হওয়ার পর স্থানীয় কয়েকজন তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনার পর প্রথম প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, মানুষের সেবায় যে অঙ্গীকার তাকেও আঘাত করা হয়েছে। এটি কাপুরুষোচিত আক্রমণ। ইতিমধ্যে দিল্লির ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠায়। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে খিমজিকে রাজকোট নিয়ে যাওয়া হতে পারে। পাশাপাশি, দিল্লি আসার পর অভিযুক্ত কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এর পেছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র লুকিয়ে আছে কি না।
এদিকে বিজেপি দাবি করেছে এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে এবং তা করেছে 'আপ' (Aam Aadmi Party)। অন্যদিকে আম আদমি পার্টি অভিযোগ তুলেছে, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ ঘটনার সুযোগ নিয়ে তাদের কলঙ্কিত করতে চাইছে।
বিতর্কের সূত্রপাত এক ছবিকে ঘিরে। বিজেপি বিধায়ক হরিশ খুরানা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে রেখা গুপ্তার হামলাকারীকে আপ-এর গুজরাতের নেতা গোপাল ইতালিয়ার সঙ্গে দেখা যাচ্ছে। তবে আপ-এর দাবি, ছবিটি এআই (AI Image) ব্যবহার করে বিকৃত করা হয়েছে।