বিতর্কের সূত্রপাত এক ছবিকে ঘিরে। বিজেপি বিধায়ক হরিশ খুরানা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে রেখা গুপ্তার হামলাকারীকে আপ-এর গুজরাতের নেতা গোপাল ইতালিয়ার সঙ্গে দেখা যাচ্ছে।

রেখা গুপ্তা এবং হামলাকারী যুবক (ডানদিকে)
শেষ আপডেট: 21 August 2025 09:17
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার (Delhi CM Rekha Gupta) ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত দিল্লির রাজনীতি। বিজেপি দাবি করেছে এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে এবং তা করেছে 'আপ' (Aam Aadmi Party)। অন্যদিকে আম আদমি পার্টি অভিযোগ তুলেছে, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এ ঘটনার সুযোগ নিয়ে তাদের কলঙ্কিত করতে চাইছে।
বিতর্কের সূত্রপাত এক ছবিকে ঘিরে। বিজেপি বিধায়ক হরিশ খুরানা সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন, যেখানে রেখা গুপ্তার হামলাকারীকে আপ-এর গুজরাতের নেতা গোপাল ইতালিয়ার সঙ্গে দেখা যাচ্ছে। তবে আপ-এর দাবি, ছবিটি এআই (AI Image) ব্যবহার করে বিকৃত করা হয়েছে।
বিজেপি সাংসদ রামবীর সিং বিধুরি হামলাকারীর ফোন কলের রেকর্ড খতিয়ে দেখার দাবি জানান। তাঁর বক্তব্য, “হামলার পিছনে কারা আছে, কারা মুখ্যমন্ত্রীর সাফল্যে বিরক্ত, সেটা প্রকাশ্যে আসা জরুরি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, হামলাকারী আগে মুখ্যমন্ত্রীর বাড়ির রেকি করেছে। সেই সময় ফোনে কার সঙ্গে যোগাযোগ করছিল, সবটাই তদন্ত হওয়া দরকার।”
বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা বলেন, “আমাদের মুখ্যমন্ত্রী ঘন্টার পর ঘন্টা জনতার মধ্যে থাকেন, বাড়িতে বসে মানুষের সঙ্গে দেখা করেন। প্রতিপক্ষ সেটা সহ্য করতে পারছে না। এই আক্রমণের পিছনে রাজনৈতিক চক্রান্ত আছে। পুলিশ তদন্ত করছে, সব সত্য প্রকাশ্যে আসবে।”
অন্যদিকে আপ পাল্টা দাবি করেছে, বিজেপি ইচ্ছাকৃত ভাবে ভুয়ো ছবি ছড়িয়ে দিচ্ছে। গোপাল ইতালিয়া এক ভিডিও বার্তায় জানান, “এটা একেবারেই ঘৃণ্য কাজ। পুরনো ভিডিও এডিট করে আমার নামে ভুয়ো ছবি বানানো হয়েছে। আমি আদালত ও পুলিশের দ্বারস্থ হব।”
অন্যদিকে দিল্লি কংগ্রেস হামলার ঘটনাকে নিরাপত্তার মারাত্মক ব্যর্থতা বলে উল্লেখ করেছে। তাদের বক্তব্য, যখন মুখ্যমন্ত্রীই নিরাপদ নন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দিল্লিতে নারী-নির্যাতন থেকে মাদক ব্যবসা - সবই লাগামছাড়া হয়ে গেছে।