নিজের সরকারি বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একটি অনুষ্ঠান চলাকালীন তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ।

নিজের বাসভবনে আক্রান্ত রেখা গুপ্তা
শেষ আপডেট: 20 August 2025 10:18
দ্য ওয়াল ব্যুরো: নিজের সরকারি বাসভবনেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Delhi CM Rekha Gupta Attacked)। একটি অনুষ্ঠান চলাকালীন তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই হামলার ঘটনা, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
জানা যায়, রেখা গুপ্তার (Rekha Gupta) বাসভবনে 'জন শুনানি'র শুনানি চলাকালীন এই হামলা হয়। অনুষ্ঠান চলাকালীন রেখা গুপ্তা যখন উপস্থিত সকলের সঙ্গে কথা বলছিলেন, সেইসময়েই এক যুবক তাঁর দিকে এগিয়ে আসেন। ওই অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রীর হাত ধরে টানেন, তাঁকে চড় মারার চেষ্টা করেন। এমনকী মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ।
ঘটনার পরই পুলিশ হাতেনাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁকে দিল্লির সিভিল লাইন্স থানায় নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দিল্লির পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলার ঘটনা আরও একবার রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করল। সূত্রে খবর, রেখা গুপ্তার শরীরে আঘাত লেগেছে। এই মুহূর্তে বাড়িতেই চিকিৎসাধীন তিনি।
মুখ্যমন্ত্রীর ওপর হামলায় বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। অন্যদিকে, কংগ্রেসের তরফেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।