সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পুরনো বিমানগুলি পুরোপুরি তুলে নেওয়া হবে। নতুন প্রকল্পের মাধ্যমে মিগ–২১-এর জায়গায় আসবে আধুনিক যুদ্ধবিমান।

৯৭টি তেজস যুদ্ধবিমান কিনবে ভারত
শেষ আপডেট: 20 August 2025 08:37
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে বড় সাফল্য এল প্রতিরক্ষা ক্ষেত্রে। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) জন্য ৯৭টি দেশীয় হালকা যুদ্ধবিমান এলসিএ তেজস মার্ক–১এ (Tejas Mark 1A Fighter Jets) কেনার অনুমোদন দিল কেন্দ্র। মঙ্গলবারই এই ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপর্যায়ের বৈঠকে এই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মেলে। ভারতীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) বিমানগুলি তৈরি করবে বলে সূত্রে খবর। এটি হবে দ্বিতীয় অর্ডার। কয়েক বছর আগে প্রায় ৪৮ হাজার কোটি টাকার বিনিময়ে ৮৩টি তেজস মার্ক–১এ যুদ্ধবিমান কেনার অর্ডার দিয়েছিল ভারত সরকার।
ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) শীঘ্রই তাদের পুরনো মিগ–২১ যুদ্ধবিমানকে বিদায় জানাতে চলেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পুরনো বিমানগুলি পুরোপুরি তুলে নেওয়া হবে। নতুন প্রকল্পের মাধ্যমে মিগ–২১-এর জায়গায় আসবে আধুনিক যুদ্ধবিমান।
দেশীয় যুদ্ধবিমান তৈরির এই প্রকল্প 'মেক ইন ইন্ডিয়া' (Make in India) প্রতিরক্ষা মন্ত্রক ও এয়ার হেডকোয়ার্টার সম্পূর্ণভাবে সমর্থন করছে। এরফলে দেশীয় শিল্প, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি সংস্থাগুলি, প্রতিরক্ষা খাতে ব্যাপক ব্যবসার সুযোগ পাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এইচএএল–এর পুনর্জাগরণের পক্ষে দীর্ঘদিন ধরেই জোর দিয়ে আসছেন। তাঁর আমলেই 'হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড' দেশীয় যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং সেগুলির ইঞ্জিন তৈরির একাধিক অর্ডার পেয়েছে। মোদী নিজেও এই দেশীয় যুদ্ধবিমানের প্রশিক্ষণ সংস্করণে উড়ানের অভিজ্ঞতা নিয়েছেন। কোনও ভারতীয় প্রধানমন্ত্রী এর আগে যুদ্ধবিমানে উড়েননি।
৯৭টি তেজস মার্ক–১এ কেনার পরিকল্পনার কথা প্রথম প্রকাশ্যে আনেন তৎকালীন এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। তিনি স্পেন সফরের সময় এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রকল্পের ইঙ্গিত দিয়েছিলেন।
প্রাথমিক ৪০টি তেজস বিমানের তুলনায় নতুন মার্ক–১এ–তে আধুনিক র্যাডার ও অ্যাভিওনিক্স সিস্টেম যুক্ত থাকবে। নতুন তেজস–এ দেশীয় উপকরণের ব্যবহার হবে ৬৫ শতাংশেরও বেশি। প্রকল্পটি ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অগ্রদূত হিসেবে ধরা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে আত্মনির্ভরতার অন্যতম বড় চিহ্ন এটি।
সূত্রের খবর, এইচএএল-এর ভবিষ্যতে আরও ২০০–এর বেশি তেজস মার্ক–২ এবং সমসংখ্যক পঞ্চম প্রজন্মের উন্নত মাঝারি যুদ্ধবিমান (Advanced Medium Combat Aircraft) তৈরির বড় অর্ডার পেতে চলেছে।