নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, 'অনেক আগে, প্রায় ৫০–৬০ বছর আগে থেকেই ভারতে সেমিকন্ডাক্টর তৈরি শুরু হতে পারত। কিন্তু ভারত সেই সুযোগ হারিয়েছে। বহু বছর ধরে একই অবস্থা চলেছে। আজ আমরা সেই পরিস্থিতি বদলেছি।
.jpeg.webp)
নরেন্দ্র মোদী (ফাইল চিত্র)
শেষ আপডেট: 24 August 2025 00:55
দ্য ওয়াল ব্যুরো: 'মেক ইন ইন্ডিয়া' ভাবনায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই উদ্যোগেই আরও এক ধাপ। শনিবার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত সেমিকন্ডাক্টর চিপ ২০২৫ সালের শেষের দিকেই বাজারে পাওয়া যাবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সরকার দ্রুত গতিতে ‘মেড ইন ইন্ডিয়া ৬জি' নেটওয়ার্ক তৈরির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।
নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, 'অনেক আগে, প্রায় ৫০–৬০ বছর আগে থেকেই ভারতে সেমিকন্ডাক্টর তৈরির কাজ শুরু হতে পারত। কিন্তু ভারত সেই সুযোগ হারিয়েছে। বহু বছর ধরে একই অবস্থা চলেছে। আজ আমরা সেই পরিস্থিতি বদলেছি। দেশে ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর তৈরির কারখানা তৈরি শুরু হয়ে গেছে।' তিনি আরও জানান, চলতি বছরের শেষেই বাজারে আসবে প্রথম দেশীয় চিপ।
প্রধানমন্ত্রী এদিন দেশের টেলিকম খাতে অগ্রগতির কথাও তুলে ধরেন। তিনি বলেন, 'আমরা দ্রুতগতিতে মেড ইন ইন্ডিয়া ৬জি নিয়ে কাজ করছি।' বিশ্ব প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগোতেই এই পদক্ষেপ বলে তিনি জানান।
নিজের ভাষণে নরেন্দ্র মোদী ভারতের বৈদ্যুতিক যানবাহন খাতে উন্নয়ন সম্পর্কেও ঘোষণা করেন। তিনি বলেন, 'ভারত এখন ১০০টি দেশে ইলেকট্রিক যান (EV) রফতানির প্রস্তুতি নিচ্ছে।' যোগ করেন, 'আমি ভারতের আরেকটি সাফল্যের কথা বলতে চাই। ভারত এখন বিশ্বের ১০০টি দেশে ইলেকট্রিক যান রফতানি করতে চলেছে। এই সংক্রান্ত একটি বড় কর্মসূচি আগামী ২৬ অগস্ট অনুষ্ঠিত হবে।'
বর্তমান ভারতীয় অর্থনীতির প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন এমন অবস্থায় আছে যে, সারা বিশ্বের ধীর অর্থনৈতিক বৃদ্ধিকে গতি দিতে পারে। তাঁর কথায়, 'ভারত সবসময় ‘রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম’-এর পথে চলে। আমরা স্থির জলে পাথর ছুঁড়ে বসে থাকি না, আমরা সেই মানুষ, যারা দ্রুত বইতে থাকা স্রোতকে বদলে দিতে পারি।'