বর্ষবরণের ঠিক আগে রাজস্থানে বিপুল পরিমাণ বিস্ফোরক বোঝাই গাড়ি আটক করল পুলিশ। নাশকতার কোনও বড় ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রাজস্থানে আটক গাড়ি
শেষ আপডেট: 31 December 2025 16:49
দ্য ওয়াল ব্যুরো: বছ শেষে ফের আতঙ্ক। রাজস্থানের (Rajasthan) টঙ্ক-এ (Tonk) বিস্ফোরক বোঝাই একটি গাড়ি আটক করল পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ১৫০ কেজি অবৈধ অ্যামোনিয়াম নাইট্রেট (Ammonium Nitrate), যা ইউরিয়া (Urea) সারের বস্তার আড়ালে লুকোনো ছিল।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বারোনি থানা (Baroni Police Station) এলাকায় একটি মারুতি সিয়াজ (Maruti Ciaz) গাড়ি আটকানো হয়। তল্লাশি চালিয়ে তার ভিতর থেকে অ্যামোনিয়াম নাইট্রেটের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় ২০০টি বিস্ফোরক কার্তুজ (Explosive Cartridges) এবং প্রায় ১,১০০ মিটার সেফটি ফিউজ তারের (Safety Fuse Wire) ছ’টি বান্ডিল।
এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সুরেন্দ্র মোচি (Surendra Mochi) এবং সুরেন্দ্র পাতওয়া (Surendra Patwa)। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিস্ফোরক বোঝাই এই গাড়িটি বুন্দি (Bundi) থেকে টঙ্ক-এ সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল। ঠিক কী কাজে এই বিপুল পরিমাণ বিস্ফোরক ব্যবহার হওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বেআইনি খনন (Illegal Mining)-এর যোগও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
ঘটনার কথা জানিয়ে ডিএসপি মৃত্যুঞ্জয় মিশ্র (DSP Mrityunjay Mishra) বলেন, 'নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই দ্রুত অভিযান চালানো হয়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরক বহনে ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত করেছি আমরা।'
উল্লেখ্য, অ্যামোনিয়াম নাইট্রেট, যা সাধারণত সার হিসেবে ব্যবহৃত হয়, সম্প্রতি দিল্লির (Delhi) লালকেল্লার (Red Fort) কাছে ভয়াবহ বিস্ফোরণেও ব্যবহার হয়েছিল। ঘটনায় প্রাণ গিয়েছিল অন্তত ১৫ জনের। তদন্তে উঠে আসে, আত্মঘাতী হামলাকারী উমর-উন-নবি (Umar-un-Nabi) তড়িঘড়ি তৈরি আইইডি (IED) সঠিকভাবে সংযোজন না করায় বিস্ফোরণ ঘটে।
এই ঘটনার দিনই রাজধানী থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার (Haryana) ফরিদাবাদে (Faridabad) প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনাও নতুন করে নিরাপত্তা উদ্বেগ বাড়ায়। সেই মামলায় জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) একাধিক চিকিৎসককে গ্রেফতার করা হয়। এই ঘটনাটি আপাতত তদন্তনাধীন।