ফের উত্তপ্ত ভারত–পাক সীমান্ত। জম্মু-কাশ্মীরের সাম্বা ও পুঞ্চ সেক্টরে এক সপ্তাহে চতুর্থ বার ড্রোনের দেখা। বাড়ানো হল নজরদারি ও তল্লাশি।

ফের উত্তপ্ত ভারত–পাক সীমান্ত
শেষ আপডেট: 18 January 2026 08:12
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে ফের ড্রোনের উপস্থিতি ঘিরে বাড়ছে উদ্বেগ। শনিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরে একটি ড্রোন উড়তে দেখা যায়। সেনা সূত্রের খবর, গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে চতুর্থ বার সীমান্তে ড্রোনের দেখা মিলল।
শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিট নাগাদ, সীমান্ত সংলগ্ন একটি সেনা ক্যাম্পের কাছে মিনিট দুয়েক ঘোরাফেরা করতে দেখা যায় ড্রোনটিকে। এরপর সেটি পাকিস্তানি ভূখণ্ডের দিকে ফিরে যায়। তবে ঘটনাটি সেখানেই শেষ হয়নি। প্রায় আধ ঘণ্টা পরে আন্তর্জাতিক সীমান্তের কাছেই আবতাল এলাকায় দ্বিতীয় বার ড্রোন অনুপ্রবেশের খবর পাওয়া যায়।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই জম্মু-কাশ্মীরের বিভিন্ন সীমান্ত সেক্টরে ড্রোন উড়তে দেখা যাচ্ছে। সাম্বা জেলার রামগড় সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া কেসো মানহাসান গ্রাম এবং পুঞ্চের দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে ড্রোনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছে সেনাবাহিনী। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গেই সক্রিয় করা হয় ‘কাউন্টার-ইউএএস’ বা ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা, যাতে ড্রোনগুলিকে রুখে বা নিষ্ক্রিয় করা যায়।
পর পর কয়েক দিন সীমান্তে ড্রোনের উপস্থিতিতে চিন্তিত ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলিও। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, পাকিস্তান ফের কোনও বড় নাশকতার ছক কষতে পারে।
এর আগেও ড্রোনের মাধ্যমে অস্ত্র ও মাদক পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে। সম্প্রতি সাম্বার পালুরা এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। সেনা আধিকারিকদের সন্দেহ, ওই সব অস্ত্রও ড্রোনের মাধ্যমেই সীমান্ত পেরিয়ে ফেলা হয়েছিল। এই ঘটনার পর গোটা সীমান্ত এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার জম্মু-কাশ্মীরের কাঠুয়া থেকে তিন জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাক-যোগের অভিযোগেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মোবাইল ফোনে পাকিস্তানের ফোন নম্বর মিলেছে বলে খবর। এই সূত্র ধরেই তিন জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।