স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় কড়া বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত।

ফাইল ছবি
শেষ আপডেট: 21 July 2025 11:38
দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে বিতর্কিত মন্তব্য করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় কড়া বার্তা দিল দেশের সর্বোচ্চ আদালত।
সোমবার মামলার শুনানির সময় প্রধান বিচারপতি বি আর গভাই স্পষ্ট ভাষায় বলেন, "আদালতের রাজনীতিকরণ বরদাস্ত করা হবে না। রাজনৈতিক যুদ্ধে লিপ্ত হলে সেই লড়াইয়ের জায়গা আদালত নয়।" এই মন্তব্য করা হয় মামলাকারীর আইনজীবীর উদ্দেশে।
‘আত্মদীপ’ নামের এক সংগঠনের পক্ষ থেকে দায়ের করা এই মামলায় অভিযোগ, স্কুলে নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালত সম্পর্কে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করেছেন। যা আদালতের মর্যাদার পরিপন্থী।
এদিন মামলাকারী আইনজীবী জানান, অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য ইতিমধ্যেই আবেদন করা হয়েছে, সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মামলাটি স্থগিত রাখা হোক। এরপরই প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, রাজনৈতিক উদ্দেশ্যে আদালতের ব্যবহার বরদাস্তযোগ্য নয়।
মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে চার সপ্তাহ পর। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, "আইন ও বিচারব্যবস্থার পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব, সে ব্যক্তি যেই হোক না কেন। আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন।"