AAWI-র ১৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন আইনজীবী ও তাঁদের সন্তানরাও। ছিল সাংস্কৃতিক পরিবেশনাও।

বি আর গভাই
শেষ আপডেট: 6 July 2025 14:41
দ্য ওয়াল ব্যুরো: 'বাবার স্বপ্ন ছিল — ছেলে একদিন বিচারপতি হবে। সেই স্বপ্নপূরণ হয়েছে।' এ কথা বলতে বলতেই আবেগে ভাসলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বি আর গভাই (CJI BR Gavai)। মুম্বইয়ে ওয়েস্টার্ন ইন্ডিয়া অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের (AAWI) সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণা করলেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, “আজ আমি শুধুমাত্র দেশের প্রধান বিচারপতি হিসেবে নয়, AAWI-র একজন সদস্য হিসেবেও আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আমার বাবা চেয়েছিলেন আমি বিচারপতি হই। আজ সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। এই কথা বলার সময় নিজের আবেগ ধরে রাখতে পারছি না।”
স্মৃতিচারণায় প্রধান বিচারপতি আরও বলেন, “১৯৮৩ সালে রাজাভাউ ভোঁসলের অধীনে আমি এই পেশায় যোগ দিই। রুম ১৮ আর রুম ৩৬ — এই ছিল আমাদের আড্ডার জায়গা। দশজনের দল একসঙ্গে বসে দুপুরের খাবার খেতাম। সেই সব স্মৃতি আজও হৃদয়ে গাঁথা।” সেইসঙ্গে দেশের বিচারব্যবস্থায় সমাজ ও আর্থিক ন্যায়ের প্রশ্নে যাঁরা যুগান্তকারী রায় দিয়েছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সিজেআই। বিচারপতি পি বি সাওয়ান্ত, পি এন ভগবতী এবং প্রাক্তন প্রধান বিচারপতি ওয়াই ভি চন্দ্রচূড়ের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
AAWI-র ১৬১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন আইনজীবী ও তাঁদের সন্তানরাও। ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। তবে সব কিছুর ঊর্ধ্বে উঠে যায় প্রধান বিচারপতির আবেগঘন বার্তা — একজন পিতার স্বপ্নপূরণের গর্ব, এবং একজন সাধারণ আইনজীবী থেকে দেশের সর্বোচ্চ বিচারপতি হয়ে ওঠার গল্প।
CJI Gavai while speaking about his father, gets emotional. #CJIBRGavai pic.twitter.com/OJndppQZ9g
— Live Law (@LiveLawIndia) July 5, 2025
ভিডিও সূত্র: লাইভ ল এক্স হ্যান্ডেল
সম্প্রতি মহারাষ্ট্রের অমরাবতীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সিজেআই মনে করিয়ে দিয়েছিলেন, দেশের সংবিধান (Constitution) সবার ঊর্ধ্বে, সংসদ (Parliament) নয়। প্রধান বিচারপতির কথায়, গণতন্ত্রের তিনটি শাখা - আইন, শাসন এবং বিচার বিভাগ, সংবিধানের মাধ্যমেই পরিচালিত হয়। তাই তাঁর কাছে সংসদ নয়, সংবিধান সর্বোচ্চ।
বম্বে হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে আবার তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট (Supreme Court) এখন আর ‘প্রধান বিচারপতিকেন্দ্রিক’ প্রতিষ্ঠান নয়। বরং নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৪ সালের মে মাসে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি ভি আর গাভাই। তিনি দেশের প্রথম বৌদ্ধ এবং কেজি বালাকৃষ্ণনের পরে দ্বিতীয় দলিত বিচারপতি, যিনি দেশের সর্বোচ্চ বিচারপতির পদে রয়েছেন।