বারবার সতর্ক করা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত - এমন অভিযোগে আরও শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 4 August 2025 22:24
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসন ভারতীয় পণ্যের (India Tariff) উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে। আগামী ৭ অগস্ট থেকে নয়া হারে শুল্ক আদায় করবে দেশটি। সেই সঙ্গে আরও জানান হয়েছিল, রাশিয়ার (Russia) কাছ থেকে জ্বালানি তেল (Crude Oil) কেনায় ভারতের ওপর জরিমানা চাপাবে আমেরিকা। কিন্তু এবার শুধু তা নয়, বাড়তি শুল্ক চাপানোর নতুন হুঁশিয়ারি দিয়ে দিলেন ট্রাম্প।
বারবার সতর্ক করা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত - এমন অভিযোগে আরও শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, শুধু তেল কেনাই নয়, ভারত নাকি সেই তেল খোলা বাজারে বিক্রি করে বেশি মুনাফাও করছে।
সোমবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লেখেন, “ভারত শুধু বিপুল পরিমাণে রাশিয়ার তেল কিনছে না, বরং সেই তেলের বড় অংশ খোলা বাজারে বিক্রি করে লাভ করছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে কত মানুষের মৃত্যু হচ্ছে, তা নিয়েও ভারতের কোনও মাথাব্যথা নেই। এ কারণেই আমি ভারতীয় পণ্যের উপর শুল্ক আরও বাড়াব।” যদিও জরিমানার অঙ্ক স্পষ্ট করেননি তিনি।
এই পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয় - ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি, যেমন ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম ও ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যাল, গত এক সপ্তাহ ধরে রাশিয়া থেকে তেল কেনা স্থগিত রেখেছে। তবে বিষয়টি নস্যাৎ করে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং তেল আমদানির বিষয়ে আগের অবস্থানেই অনড় নয়াদিল্লি।
সরকারি সূত্রেও জানানো হয়েছে, রাশিয়া থেকে তেল কেনা এখনই বন্ধ হচ্ছে না। এই প্রেক্ষিতেই ফের একবার ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন ট্রাম্প।