খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ফরেনসিক বিশেষজ্ঞ ও ক্রাইম টিম। নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 August 2025 19:32
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির ফ্ল্যাট থেকে উদ্ধার মা ও মেয়ের রক্তাক্ত দেহ। রোহিনীর সেক্টর-১৭-র এক ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক মা ও মেয়ের রক্তাক্ত দেহ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত আর কেউ নন, মৃত মহিলার জামাই তথা মেয়ের স্বামীই। ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
মৃতদের নাম কুসুম সিনহা (৬৩) এবং তাঁর মেয়ে প্রিয়া সেহগল (৩৪)। মনে করা হচ্ছে অভিযুক্ত প্রিয়ার স্বামী যোগেশ সেহগল। পুলিশের অনুমান, যোগেশ একটি ধারালো কাঁচি দিয়ে স্ত্রী এবং শাশুড়িকে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে।
ঘটনাটি সামনে আসে প্রিয়ার ভাই মেঘ সিনহার (৩০) ফোন কলে। অভিযোগ, ২৮ অগস্ট প্রিয়ার জন্মদিনের আসরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়। এর পরই মা কুসুম মেয়ের কাছে গিয়ে থাকেন। শনিবার বোন ও মায়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে প্রিয়ার বাড়ি যান মেঘ। সেখানে গিয়ে দেখেন ফ্ল্যাট বাইরে থেকে তালাবন্ধ, দরজার সামনে রক্তের দাগ। সন্দেহ হওয়ায় আত্মীয়দের নিয়ে তালা ভেঙে ভিতরে ঢুকেই দেখেন মা ও বোন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গেই খবর দেন পুলিশকে।
অভিযোগ দায়ের হওয়ার পর যোগেশ সেহগলকে গ্রেফতার করা হয়েছে। তাঁর রক্তমাখা জামাকাপড় ও খুনের অস্ত্র হিসেবে ব্যবহৃত কাঁচিও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, দীর্ঘদিনের দাম্পত্য কলহ থেকেই এই নৃশংসতার সূত্রপাত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় ফরেনসিক বিশেষজ্ঞ ও ক্রাইম টিম। নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। এলাকার বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের কড়া শাস্তির দাবি তুলেছেন। শান্ত এলাকায় একসঙ্গে মা-মেয়ের খুনে আতঙ্ক ছড়িয়েছে গোটা রোহিনীতে।