‘কৌন বনেগা ক্রোরপতি’ (KBC) অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্রের ‘ভীষ্ম পিতামহ’ অমিতাভ বচ্চনের পায়ে হাত দিয়ে প্রণাম করায় প্রখ্যাত পাঞ্জাবি গায়ক-নায়ক দিলজিৎ দোসাঞ্জকে বয়কটের কথা ঘোষণা করল খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ)।

১ নভেম্বর দিনটি অকাল তখত সাহিব শিখ গণহত্যা স্মৃতিদিবস হিসেবে পালন করে থাকে।
শেষ আপডেট: 29 October 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: ‘কৌন বনেগা ক্রোরপতি’ (KBC) অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্রের ‘ভীষ্ম পিতামহ’ অমিতাভ বচ্চনের পায়ে হাত দিয়ে প্রণাম করায় প্রখ্যাত পাঞ্জাবি গায়ক-নায়ক দিলজিৎ দোসাঞ্জকে বয়কটের কথা ঘোষণা করল খলিস্তানপন্থী জঙ্গি সংগঠন শিখস ফর জাস্টিস (SFJ)। খলিস্তানি জঙ্গিরা দিলজিৎকে হুমকি দিয়ে আগামী ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় তাঁর অনুষ্ঠান বন্ধ রাখার কথা জানিয়েছে। বিদেশে ঘাপটি মেরে থাকা খলিস্তানি জঙ্গ গুরপতওয়ান্ত সিং পান্নুনের দল এসএফজে বলেছে, তিনি যেন আসন্ন অস্ট্রেলিয়া ট্যুর বন্ধ রাখেন। কারণ, ১ নভেম্বর দিনটি অকাল তখত সাহিব শিখ গণহত্যা স্মৃতিদিবস হিসেবে পালন করে থাকে।
প্রসঙ্গত, শিখ গণহত্যার ঘটনাটি ঘটেছিল ১৯৮৪ সালের ১ নভেম্বর। ওই দিন দিল্লি সহ গোটা দেশে হাজার হাজার শিখকে খুঁজে বের করে খুন করা হয়েছিল। উন্মত্ত কংগ্রেসি গুন্ডাদের হাত থেকে বাঁচতে আরও কয়েক হাজার শিখ পরিবার ঘরছাড়া হয়েছিলেন। ৩১ অক্টোবর, ১৯৮৪ সালে দুই শিখ দেহরক্ষীর হাতে নিধন হতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। খলিস্তানি জঙ্গি দমনে অমৃতসরের পবিত্র স্বর্ণমন্দিরে সেনা নামিয়ে অপারেশন ব্লু স্টার চালানোর প্রতিশোধ নিয়েছিল জঙ্গিরা। তারপর দিন থেকেই দেশ জুড়ে শিখদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার।
শিখস ফর জাস্টিসের যুক্তি হচ্ছে, এই সেই অমিতাভ বচ্চন যিনি ১ নভেম্বরের গণহত্যায় নিজে দাঁড়িয়ে থেকে জনতাকে উসকানি দিয়েছিলেন। তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করে সমগ্র শিখ জাতিকে অপমান করেছেন দোসাঞ্জ। এসএফজের সাধারণ পরামর্শদাতা পান্নুন এক বিবৃতিতে বলেছেন, বচ্চনের প্রতি সম্মান দেখিয়ে দোসাঞ্জ সেদিনের প্রতিটি মৃত, বিধবা এবং অনাথ শিখ শিশুকে অপমান করেছেন।
জঙ্গি গোষ্ঠীর দাবি, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর অমিতাভ বচ্চন খোলাখুলি দেশের জনতাকে উসকানি দিয়েছিলেন। গণহত্যার জন্য তিনি বলেছিলেন, খুন কা বদলা খুন, ব্লাড ফর ব্লাড। তাঁর ডাকেই হত্যাকারী বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল শিখদের উপর। দেশজুড়ে প্রায় ৩০,০০০ শিখ পুরুষ, মহিলা এবং শিশুকে নিধন করা হয়েছিল। সেই গণহত্যাকে প্রহসনে বানাতে দোসাঞ্জ এই শোয়ের আয়োজন করেছেন। পান্নুন সমস্ত শিখ গোষ্ঠী এবং শিল্পীদের প্রতি এই কনসার্ট বয়কটের ডাক দিয়েছেন।
গোষ্ঠীর তরফে আরও দাবি করা হয়েছে, কনসার্ট হলের বাইরে ওইদিন তারা বিক্ষোভ দেখাবে। অকাল তখতের জাঠেদার জ্ঞানী কুলদীপ সিং গজরাজের কাছে দিলজিৎ দোসাঞ্জকে তলব করে বিচারের আয়োজন করার আবেদন জানিয়েছে এসএফজে। জাঠেদারের কাছে আবেদনে বলা হয়েছে, শিখ গণহত্যার স্মৃতি নিয়ে ব্যবসা করা চলবে না। যদিও এ ব্যাপারে দিলজিৎ দোসাঞ্জের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তিনি বর্তমানে ওয়ার্ল্ড ট্যুরে রয়েছেন।