৫৯ বছরের এই লোকটির সঙ্গে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের পরমাণু বিজ্ঞানীদের যোগাযোগ রয়েছে পুলিশের সন্দেহ।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 29 October 2025 11:03
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি পুলিশের সন্ত্রাস দমন বিভাগ পাকিস্তানের চর সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। এই ব্যক্তি দেশের পরমাণু গবেষণা সংস্থা ভাবা পরমাণু গবেষণা সংস্থার (BARC) এক কর্মীর সঙ্গে যোগাযোগ রাখছিল বলে অভিযোগ। ৫৯ বছরের এই লোকটির সঙ্গে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের পরমাণু বিজ্ঞানীদের যোগাযোগ রয়েছে পুলিশের সন্দেহ।
মঙ্গলবার আধিকারিকরা জানিয়েছেন, পরমাণু-চরবৃত্তি নেটওয়ার্কের অন্তর্গত এটাই এ পর্যন্ত সবথেকে বৃহত্তম চক্র বলে মনে করা হচ্ছে। সে কারণে সব এজেন্সি উঠেপড়ে এর তদন্তে নেমে পড়েছে। কারণ, সন্দেহভাজন এই চরের সঙ্গে পাকিস্তান ছাড়াও ইরান ও রাশিয়ার পরমাণু পরিকাঠামোর সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। সে নিয়মিত পাকিস্তান, ইরান ও রাশিয়ায় যাতায়াত করে।
আদিল হুসেইনি নামে এই সন্দেহভাজন চর অতীতে কিছু পরমাণু সংক্রান্ত নকশা এক রুশ বিজ্ঞানীর কাছ থেকে কিনে নিয়ে ইরানের পরমাণু গবেষণা সংস্থাকে বেচে দিয়েছিল বলে জানা গিয়েছে। দিল্লিতে তাকে পাকড়াও করা হয় পাক চর সংস্থা আইএসআইয়ে হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ প্রকাশ্যে চলে আসায়।
হুসেইনির ভাইকে সম্প্রতি মুম্বইতে ধরা হয়। দুজনেই ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী হিসেবে নিজেদের পরিচয় দিত। তাদের কাছে বেশ কিছু ভুয়ো পরিচয়পত্রও মেলে। দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, এই দুই ভাই মিলে বিদেশের হাতে দেশের বেশ কিছু গোপন তথ্য পাচার করেছে। আমরা একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছি।
হুসেইনি দুবাইতে থাকলেও বহু বছর ধরে বিভিন্ন দেশে বসবাস করেছে। ইরানি চরের কাজ করে যে অর্থ তারা উপার্জন করেছিল, তা দিয়ে দুবাইতে সম্পত্তি কেনায় বিনিয়োগ করেছিল। তদন্তকারী এক অফিসার জানান, হুসেইনির আসল ঠিকানা জামশেদপুর। কিন্তু, দুদশক আগে তার পরিবারের সকলে উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরীতে পাকাপাকিভাবে চলে যায়। তার কাছ থেকে পুলিশ বেশ কিছু ভুয়ো বিদেশ ভ্রমণের নথিপত্র উদ্ধার করেছে। একটি বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, আদিল হুসেইনি ওরফে আদিল হুসেন, মহম্মদ আদিল হুসেইনি এবং নাসিমুদ্দিন ছদ্মনামে নেটওয়ার্ক চালাত সে। তার ভাইয়ের নাম আখতার হুসেইনি। এরা দুজনেই গোপন পরমাণু তথ্যে বিদেশে পাচার করেছে বলে পুলিশের প্রাথমিক সন্দেহ।