নভেম্বরে ইন্ডিগোর ১,২৩২টি উড়ান বাতিল ও দেরির ঘটনায় DGCA তদন্ত শুরু করেছে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 3 December 2025 23:56
দ্য ওয়াল ব্যুরো: যাত্রীদের ভোগান্তি এবং উড়ান পরিষেবা (Flight Service) খারাপ হওয়ার কারণে বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA) বুধবার বিমান সংস্থা ইন্ডিগোকে (IndiGo) কড়া প্রশ্ন করেছে। চলতি বছরের নভেম্বর মাসে ইন্ডিগোর ১,২৩২টি উড়ান বাতিল (Flight Cancellations) এবং ফ্লাইট দেরিতে চলায় (Flight Delays) তাদের পারফরম্যান্স নিয়ে তদন্ত (Probe) শুরু করেছে DGCA।
DGCA একটি বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের অসুবিধা কমাতে উড়ান বাতিল ও দেরি যাতে না হয়, তার জন্য বিমান সংস্থার সঙ্গে তারা পরিস্থিতি পর্যালোচনা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখছে।
এই সিদ্ধান্তের দিনেই শুধু দিল্লি, মুম্বই এবং আহমেদাবাদের মতো তিনটি বিমানবন্দরে মোট ৮৫টি উড়ান বাতিল হয়। কারণ হিসেবে ক্রু সদস্যের অভাব, প্রযুক্তিগত সমস্যা এবং বিমানবন্দরের যানজট উল্লেখ করা হয়েছে।
দিল্লি বিমানবন্দরে ৩৮টি, মুম্বই বিমানবন্দরে ৩৩টি এবং আহমেদাবাদে ১৪টি উড়ান বাতিল হয়েছে। টানা উড়ান বাতিলের ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। অনেকে X (আগের টুইটার)-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের দুর্ভোগের কথা জানিয়েছেন, "ইন্ডিগোর কর্মীরা মিথ্যা বলছে এবং যাত্রীরা ১২ ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছেন, কোনো নিশ্চিত খবর নেই। আমার ফ্লাইট ৭ ঘণ্টারও বেশি দেরি। আর কখনও ইন্ডিগোতে উঠব না। এটির তদন্ত হওয়া দরকার।"
হায়দরাবাদ বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা দেরি হওয়ায় আইয়াপ্পা ভক্তদের প্রতিবাদ করতে বাধ্য হওয়ার ঘটনা উল্লেখ করে আরেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেছেন।
টানা ফ্লাইট বাতিলের জেরে দেশজুড়ে অসন্তোষ সৃষ্টি হওয়ায় ইন্ডিগো যাত্রীদের কাছে অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে। ইন্ডিগো বিবৃতিতে জানিয়েছে, গত দু'দিন ধরে তাদের পরিষেবায় বড় ধরনের সমস্যা হয়েছে।
এর কারণও জানিয়ে সেই বিবৃতিতে। তাতে লেখা, একাধিক অপারেশনাল সমস্যা, যেমন- প্রযুক্তিগত ত্রুটি, শীতের জন্য সময়সূচি পরিবর্তন, বিমান চলাচল ব্যবস্থায় অতিরিক্ত ভিড়, এবং ক্রু ডিউটি টাইম লিমিটেশন সংক্রান্ত নতুন নিয়ম বলবৎ হওয়ায় এই প্রভাব পড়েছে।
মোট ১,২৩২টি বাতিলের মধ্যে ক্রু সংকটের (Staff Shortages) কারণে বাতিল হয়েছে ৭৫৫টি, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) ব্যর্থতায় ৯২টি, বিমানবন্দর নিয়ন্ত্রণের কারণে ২৫৮টি এবং অন্যান্য কারণে ১২৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
ইন্ডিগো আরও জানিয়েছে যে, তারা সমস্ত সমস্যা ঠিক করতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে ৪৮ ঘণ্টার সময় চেয়েছে। তারা আশা করছে, দ্রুত সময়ের মধ্যে পরিষেবা স্বাভাবিক হবে।