গত সপ্তাহে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনের নাম বদলে লোক ভবন চালু করেন। রাজভবনের চার ধারে এখন লোক ভবন শিলাখণ্ড বসানো হয়েছে। বুধবার কর্নাটক রাজভবনের নাম বদলে করা হল লোকভবন। এখনও পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডের রাজভবনের নাম বদল করা হয়েছে।

শেষ আপডেট: 3 December 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের পাশাপাশি সব রাজ্যেই ‘রাজভবন’-এর সরকারি নাম বদলে হচ্ছে ‘লোক ভবন’। স্বরাষ্ট্রমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
গত সপ্তাহে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজভবনের নাম বদলে লোক ভবন চালু করেন। রাজভবনের চার ধারে এখন লোক ভবন শিলাখণ্ড বসানো হয়েছে। বুধবার কর্নাটক রাজভবনের নাম বদলে করা হল লোকভবন। এখনও পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরল, ঝাড়খণ্ড এবং উত্তরাখণ্ডের রাজভবনের নাম বদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর অফিসের নতুন নামকরণ করা হয়েছে সেবা তীর্থ।
নরেন্দ্র মোদীর সরকারের অভিনব কর্মসূচীর একটি হল নাম বদল। ঐতিহাসিক শহর, জেলা, প্রতিষ্ঠানের নাম বর্তমান কেন্দ্রীয় সরকার বদলে দিয়েছে। তা নিয়ে বিতর্কও কম হয়নি। অভিযোগ ওঠে বেছে সুলতাম ও মোঘল আমলের স্মৃতিবহনকারী নামগুলিই বদলে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি ভবনের ঐতিহাসিক মোঘল গার্ডেনের নাম যেমন বদলে রাখা হয়েছে অমৃত উদ্যান।
এর আগে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত রাস্তার নতুন নাম রাখা হয়েছে কর্তব্য পথ, যা আগে ছিল রাজপথ। প্রধানমন্ত্রীর বাড়ি লাগোয়া রাস্তার নাম ছিল রেস কোর্স রোড। সেই রাস্তার নাম এখন লোক কল্যাণ মার্গ। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সচিবালয়ের নাম বদলে রাখা হয়েছে কর্তব্য ভবন।
সরকারি ভবন, গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল নিয়ে বিরোধীরা আপত্তি না তুললেও অনেকেরই বক্তব্য, ‘কর্তব্য’ শব্দটিকে মোদী সরকার বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করছে। এই সরকার আসলে কোনও কর্তব্য করছে না। নিজের পিঠ নিজে চাপড়াতে নাম বদল করছে।
রাজ্যপাল পদটি ব্রিটিশ জমানায় চালু হয়। তখন গভর্নর শব্দটিই শুধু চালু ছিল। ব্রিটিশ শাসনামলেই রাজ্য রাজ্যে তৈরি হয় রাজভবন। দিল্লিতে বসতেন ভারতের মুখ্য প্রশাসক তথা গভর্নর জেনারেল। কলকাতার রাজভবন তথা বর্তমানে লোক ভবন চালু হয়েছিল ১৮০৩ সালে। প্রাসাদোপম বাড়িটি আগে ছিল ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন। সেই সময় এর নাম ছিল গভর্নমেন্ট হাউস, বাংলায় বলা হত লাটভবন।