বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

ভাগবত সম্প্রতি বলেন, যদি সঙ্ঘই বিজেপির সভাপতি ঠিক করে দিত, তাহলে এত সময় লাগত না।
শেষ আপডেট: 25 September 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: বিজেপির সভাপতি নির্বাচন নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, মোহন ভাগবতের কথাই প্রমাণ করে যে, বিজেপির সভাপতি নির্বাচিত হন দলের ভিতর থেকেই। বাইরে থেকে কেউ অর্থাৎ সঙ্ঘ মুখ ঠিক করে দেয় না।
প্রসঙ্গত, ভাগবত সম্প্রতি বলেন, যদি সঙ্ঘই বিজেপির সভাপতি ঠিক করে দিত, তাহলে এত সময় লাগত না। সঙ্ঘ প্রধানের এই মন্তব্য ঘিরে বেশ চর্চা চলছিল। অনেকের ধারণা ছিল, ভাগবত বিজেপির সভাপতি নির্বাচনে দেরি হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন। এদিন সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে-র কনক্লেভে মুম্বইয়ে আয়োজিত এক বিশেষ আলোচনাসভায় ফড়নবিশ সেই ধারণা ও দাবি উড়িয়ে দেন।
মুখ্যমন্ত্রী বলেন, সভাপতি নির্বাচনে বিজেপির একটি নিজস্ব পদ্ধতি আছে। আরএসএস প্রধানের জবাবের ইঙ্গিতেই স্পষ্ট যে, সঙ্ঘ এ ব্যাপারে সিদ্ধান্ত নেয় না। এটা পার্টিই ঠিক করে থাকে। ফড়নবিশ জোর দিয়ে বলেন, দলের সভাপতি নির্বাচন সঠিক সময়েই হবে। এর মধ্যে কোনও সমস্যা বা জটিলতা নেই। সঠিক সময়ে দল সঠিক সিদ্ধান্তই নেবে। বিজেপি নেতা ফড়নবিশ বিনয়ের সঙ্গে বলেন, এ বিষয়ে মন্তব্য করার মতো যোগ্যতা বা পদ আমার নেই। বিজেপি সভাপতি নির্বাচন কমিটির অংশও আমি নই।
এই আলোচনাতেই দেবেন্দ্র নেপালের ঘটনায় রাহুল গান্ধীর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, নেপালের প্রতি অতিরিক্ত প্রেম রয়েছে যাঁদের, তাঁরা তো নেপালেই থাকতে পারেন। নেপালে জেন জি গণঅভ্যুত্থান নিয়ে রাহুল বলেছেন, ভোটচুরি ঠেকাতে দেশের জেন জিকেও চরম সিদ্ধান্ত নেওয়া জরুরি। জবাবে ফড়নবিশ বলেন, ভারতের যুবসমাজের আন্দোলনের মতো হাতে অত সময় নেই। এই সরকার ফেলতে রাহুল কাউকে খুঁজে পাচ্ছেন না। এখন জেন জির কাছে তাঁর কাতর অনুনয়ও বৃথা যেতে বসেছে।