দিল্লির স্কুলে ফের বোমাতঙ্ক! রাজধানীর একাধিক স্কুলে বোমা রাখা হয়েছে- শুক্রবার সকালে এমন হুমকি বার্তা ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। মাত্র কয়েকদিন আগেই এই ধরনের হুমকি ইমেল এসেছিল বহু স্কুলে।

দিল্লি স্কুলে বোমাতঙ্ক
শেষ আপডেট: 13 February 2026 11:41
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির স্কুলে ফের বোমাতঙ্ক! রাজধানীর একাধিক স্কুলে বোমা (Delhi school bomb threat) রাখা হয়েছে- শুক্রবার সকালে এমন হুমকি বার্তা ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। মাত্র কয়েকদিন আগেই এই ধরনের হুমকি ইমেল এসেছিল বহু স্কুলে। সেখানেও দাবি করা হয়েছিল, আফজল গুরুর (Afzal Guru threat email) স্মৃতিতে দিল্লিকে 'খলিস্তান' বানানোর পরিকল্পনা চলছে, এমনকি নির্দিষ্ট সময় উল্লেখ করে হামলার হুমকিও দেওয়া হয়েছিল। যদিও পরে তদন্তে স্পষ্ট হয়, সেই হুমকিগুলি পুরোপুরি ভুয়ো (fake bomb email Delhi) ছিল।
বারবার স্কুলে বোমাতঙ্ক, আতঙ্ক সর্বত্র
গত সোমবার দিল্লির ১৩টি স্কুলে হুমকি বার্তা পাঠানো হয়েছিল। ইমেলে লেখা ছিল, দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। সেই আতঙ্ক কাটতে না কাটতেই সপ্তাহের শেষে শুক্রবার সকালেই রাজধানীর অন্তত তিনটি স্কুলে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ে। প্রথম খবর মেলে, বিটি তামিল স্কুলে বিস্ফোরক রাখা হয়েছে। তারপর আরও দু'টি স্কুলে একই আশঙ্কা জানানো হয়।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মী ও পুলিশ আধিকারিকরা (Delhi police investigation)। স্কুল প্রাঙ্গণ খালি করা হয়, পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপদে বের করে আনা হয়। সন্দেহজনক পরিস্থিতির কথা জানিয়ে অভিভাবকদের সতর্কও করা হয়। একাধিক এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা এবং জারি করা হয় হাই অ্যালার্ট।
হুমকির উৎস মিলছে না
বারবার হুমকি মেল এলেও এখনও পর্যন্ত তার উৎস চিহ্নিত করতে পারেনি দিল্লি পুলিশ (Delhi Police)। তদন্ত চলছে কিন্তু কে বা কারা এই আতঙ্ক ছড়াচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তাতে আরও বেশি উদ্বেগ বাড়ছে।
লাল কেল্লা বিস্ফোরণের স্মৃতি এখনও টাটকা
গত ১০ নভেম্বর লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ (Delhi Red Fort Blast) হয়। সেই ঘটনার পর থেকেই জাতীয় নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। তার মধ্যেই স্কুলে পাঠানো হুমকি মেল অভিভাবক-সহ প্রশাসনের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে।
এর আগেও ২৯ জানুয়ারি পাঁচটি স্কুলে একই ধরনের ইমেল আসে। তার একদিন আগে দ্বারকা আদালত চত্বর উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া যায়। এমনকি সংসদ ভবন উড়িয়েও দেওয়ার কথা উল্লেখ ছিল এক ইমেলে। সব মিলিয়ে টানা ঘটনার জেরে নিরাপত্তা নিয়ে চাপ বাড়ছে রাজধানীজুড়ে।