সম্প্রতি দিল্লির একটি রেস্তরাঁ ভারতীয় পোশাক পরে আসা এক দম্পতিকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছে।

রেস্তরাঁর সামনে লাগানো হচ্ছে নোটিশ
শেষ আপডেট: 9 August 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দিল্লির একটি রেস্তরাঁ ভারতীয় পোশাক পরে আসা এক দম্পতিকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিতর্কের জেরে এবার রেস্তরাঁ কর্তৃপক্ষ নতুন নোটিস টাঙিয়ে জানিয়েছে - “সব ধরনের ভারতীয় পোশাক (শাড়ি, সালোয়ার-কামিজ ইত্যাদি) রেস্তরাঁয় অনুমোদিত”।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ‘টুবাটা’ নামের ওই রেস্তরাঁর বাইরে ইউনিফর্ম পরা কয়েকজন কর্মী দু’টি নোটিস লাগাচ্ছেন। একটি নোটিসে পোশাক সংক্রান্ত নির্দেশনা, আরেকটিতে রেস্তরাঁর নাম লেখা রয়েছে।
বিতর্কের সূত্রপাত ৩ অগস্ট। ভাইরাল আরেক ভিডিওতে অভিযোগ তোলেন এক ব্যক্তি, যিনি বলেন, তিনি ও তাঁর সঙ্গিনী রেস্তরাঁয় গিয়েছিলেন। স্ত্রী কুর্তা-সালোয়ার পরে থাকায় তাঁদের সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। অথচ ছোট পোশাক পরা অতিথিদের ঢুকতে দেওয়া হয়েছে। ভিডিওতে ওই ব্যক্তি অভিযোগ করেন, “ওঁরা কম পোশাক পরা মানুষকে ঢুকতে দিলেন, আমাদের ‘এথনিক’ (ট্র্যাডিশনাল) পোশাকের জন্য যেতে দেওয়া হল না।”
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর ক্ষোভ, নিন্দার ঝড় ওঠে। অনেকেই রেস্তরাঁর আচরণকে ‘অপমানজনক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
এই পোশাক বিতর্কের প্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। দিল্লির পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী কপিল মিশ্র এক্স-এ (পূর্বে টুইটার) লিখেছেন, “পিতমপুরার একটি রেস্তরাঁয় ভারতীয় পোশাক নিষিদ্ধের ভিডিও সামনে এসেছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত ও জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।”