ঘটনার সূত্রপাত অভিযুক্ত নীতিন সোনির মা ইন্দু সায়নী অভিযোগ করেন যে তাঁর ছেলে ও পুত্রবধূ অবৈধভাবে তাঁর ফ্ল্যাটে ঢুকে দখল নিয়েছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 July 2025 12:44
দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি বিবাদ সংক্রান্ত এক মামলায় অভিযুক্তকে জামিন মঞ্জুর (Bail) করার সময় কবিতা লিখলেন দিল্লির রোহিণী কোর্টের (Rohini Court) বিচারক রোহিত কুমার লেখেন: “মিলকিয়াত কি জং মে না জানে কিতনে আফসানে হুয়ে, কুছ হি আপনে থে, ওহ ভি আব বেগানে হুয়ে।” বাংলা তর্জমা করলে যা মানে দাঁড়ায় তা হল, "মালিকানার যুদ্ধে কত গল্পই না গড়ে ওঠে, হাতে গোনা যাঁরা আপন ছিলেন, তাঁরাও আজ পর হয়ে গিয়েছেন।"
ঘটনার সূত্রপাত অভিযুক্ত নীতিন সোনির মা ইন্দু সায়নী অভিযোগ করেন যে তাঁর ছেলে ও পুত্রবধূ অবৈধভাবে তাঁর ফ্ল্যাটে ঢুকে দখল নিয়েছে। তিনি প্রাশান্ত বিহার থানায় অভিযোগ দায়ের করে বলেন, ১২ জুলাই আদালত থেকে ফেরার পথে তিনি ও তাঁর মেয়ে দেখতে পান, নীতিন তাঁদের ফ্ল্যাটের ভিতরে রয়েছে এবং তাঁদের গালিগালাজ করছে। তাঁর দাবি, পুত্রবধূ লোহার রড নিয়ে বেরিয়ে এসে তাঁকে মারধর করে।
অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী আদালতে দাবি করেন, এটি কোনও অবৈধ দখলের মামলা নয়। বরং মৌখিক চুক্তিতে ইন্দু সায়নী নিজেই ওই ফ্ল্যাটের দখল ছেলেকে দিয়েছিলেন। অভিযুক্তের পরিবারের সঙ্গে থাকার ছবি ও ১০ জুলাইয়ের আগেই বসবাসের প্রমাণ হিসেবে কিছু ছবি পেশ করা হয়।
আদালত মামলার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখে, যেখানে দেখা যায়, ১৪ জুলাই অভিযোগকারিণীর মেয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে লোহার রড ও হাতুড়ি হাতে ফ্ল্যাটে প্রবেশ করছে। অভিযুক্ত পক্ষ দাবি করে, অভিযোগকারিণী পুলিশের সহায়তায় তাঁদের হয়রানি করছেন। এছাড়াও, অভিযুক্ত পক্ষ জানায়, একটি উইল অনুযায়ী ওই সম্পত্তির পূর্ণ মালিকানা নীতিন সোনির— এবং সেই উইল আদালতে বিবেচনাধীন।
এইসব তথ্য বিশ্লেষণ করে বিচারক রোহিত কুমার জামিন মঞ্জুর করেন এবং তাঁর রায়ে কবিতার মাধ্যমে এই ধরণের পারিবারিক সম্পত্তি বিবাদের বিষয়ে গভীর হতাশা প্রকাশ করেন।