আইনে স্পষ্টভাবে বলা আছে, যাঁর নামে সম্পত্তি নথিভুক্ত, তাঁর বিরুদ্ধে প্রকৃত মালিক দাবি করে মামলা করা যাবে না।

দিল্লি হাইকোর্ট
শেষ আপডেট: 1 October 2025 16:47
দ্য ওয়াল ব্যুরো: শুধুমাত্র ইএমআই (EMI) দিয়েছেন বলেই স্বামী সম্পত্তির একক মালিকানা (joint property ownership) দাবি করতে পারবেন না। যৌথ নামে কেনা হলেও খাটবে না নিয়ম। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের (Delhi High Court) ডিভিশন বেঞ্চের।
বিচারপতি অনিল ক্ষেতরপাল ও হরিশ বৈদ্যানাথন শঙ্করের বেঞ্চ ২২ সেপ্টেম্বর এই মন্তব্য করে।
আদালত জানায়, “যখন কোনও সম্পত্তি স্বামী-স্ত্রীর যৌথ নামে নথিভুক্ত থাকে, তখন কেবল স্বামীই ইএমআই দিয়েছেন বলে একক মালিকানা দাবি করতে পারেন না।”
আদালতের মতে, এমন দাবি করলে তা Prohibition of Benami Property Transactions Act-এর ধারা ৪ লঙ্ঘন করবে। ওই আইনে স্পষ্টভাবে বলা আছে, যাঁর নামে সম্পত্তি নথিভুক্ত, তাঁর বিরুদ্ধে প্রকৃত মালিক দাবি করে মামলা করা যাবে না।
এই মামলায় স্ত্রী দাবি করেন, সম্পত্তির অতিরিক্ত অর্থের ৫০ শতাংশ তাঁর ‘স্ত্রীধন’-এর অন্তর্ভুক্ত, যা হিন্দু আইনে মহিলার একক ও একচ্ছত্র সম্পত্তি হিসেবে গণ্য হয়। তাই সেটির ওপর তাঁরই একক অধিকার।
আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, দম্পতির বিয়ে হয়েছিল ১৯৯৯ সালে। ২০০৫ সালে মুম্বইয়ে একটি বাড়ি যৌথভাবে কেনেন তাঁরা। তবে ২০০৬ সাল থেকেই আলাদা থাকেন এবং সেই বছরই স্বামী বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন, যা এখনও বিচারাধীন।