একই সময়ে কানাডায় খুন হন সে দেশের শিখ নাগরিক হরদীপ সিং নিজ্জর। তাঁকে ভারতীয় এজেন্টরা খুন করেছে বলে অভিযোগ করেন কানাডার তৎকসলীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
_0.jpg.webp)
বিকাশ যাদব। ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা র-এর সাবেক এজেন্ট বলে পরিচিত
শেষ আপডেট: 27 August 2025 10:35
দ্য ওয়াল ব্যুরো: ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং বা র-এর একদা এজেন্ট বিকাশ যাদবের (Vikash Yadav) বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় (Non-bailable warrant) গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির একটি আদালত (Delhi Court)। মার্কিন প্রশাসনের নালিশকে মান্যতা দিয়ে এই পদক্ষেপ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক (Indian Home Ministry)। গা ঢাকা দিয়ে থাকা বিকাশ যাদবকে গ্রেফতার করে আমেরিকার হাতে তুলে দিতে পারে নয়াদিল্লি।
আমেরিকায় খলিস্তানি নেতা গুরপতয়ান্ত সিং পান্নুনকে হত্যা চেষ্টার ষড়যন্ত্রে বিকাশকেই মূল আসামি হিসাবে চিহ্নিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
পান্নুন জন্মসূত্রে ভারতীয় হলেও আমেরিকার নাগরিক। সে দেশে বসে ওই খলিস্তানি নেতা ভারত বিরোধী ষড়যন্ত্রে জড়িত বলে নয়াদিল্লির অভিযোগ। প্রায়ই সে ভারতের বিরুদ্ধে নাশকতার হুঁশিয়ারি দিয়ে থাকে। ২০২৩-এ আমেরিকার মাটিতে তাঁকে হত্যার চেষ্টা মার্কিন গোয়েন্দাদের নজরে আসে।
একই সময়ে কানাডায় খুন হন সে দেশের শিখ নাগরিক হরদীপ সিং নিজ্জর। তাঁকে ভারতীয় এজেন্টরা খুন করেছে বলে অভিযোগ করেন কানাডার তৎকসলীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ভারত কানাডার অভিযোগকে পুরোপুরি নসাৎ করলেও মার্কিন নালিশকে গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে। যাদবের সঙ্গে ভারতের কোনও এজেন্টের যোগাযোগ নেই বলে দাবি নয়াদিল্লির। ভারতের হয়ে সে কাজ করছিল বলে নানা মহলের দাবি দিল্লি মানেনি। আমেরিকাও এমন অভিযোগ করেনি। তবে বিকাশের ষড়যন্ত্রে যুক্ত থাকার উপযুক্ত তথ্যপ্রমাণ দাখিল করেছে।
মার্কিন নালিশ পাওয়ার পর দিল্লি পুলিশ জানতে পারে ভিন্ন এক মামলায় সে রাজধানীর এক জেলে বন্দি। কিন্তু পুলিশ পদক্ষেপ করার আগেই সে জামিন পেয়ে গা ঢাকা দেয়।
দিল্লি পুলিশ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বিকাশের বিরুদ্ধে জামিন অযোগ ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানানো হয়েছিল দিল্লির আদালতে। কোর্ট সেই আর্জি মঞ্জুর করেছে।