দুই পক্ষের সওয়াল-জবাব শেষে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ১৪৩ অনুচ্ছেদ অনুযায়ী আদালত শুধুমাত্র আইনি মতামত দিতে পারে। তাই ১২ এপ্রিলের রায়ই বহাল থাকবে।

সুপ্রিম কোর্ট (ফাইল চিত্র)
শেষ আপডেট: 20 August 2025 08:12
দ্য ওয়াল ব্যুরো: কোনও রাজ্যের রাজ্যপাল বা দেশের রাষ্ট্রপতি কেউই আর অনির্দিষ্টকাল ধরে রাজ্যের পাস করা বিল আটকে রাখতে পারবেন না। মঙ্গলবার সুপ্রিম কোর্ট (Supreme Court) জানাল, ১২ এপ্রিল তাদের দেওয়া পুরনো রায়ই বহাল থাকছে। সেই অনুযায়ী বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে। তামিলনাড়ুর (Tamilnadu) রাজ্যপাল আর এন রবি-র বিরুদ্ধে ডিএমকে সরকারের করা মামলায় আদালত তাঁর পদক্ষেপকে 'অবৈধ' এবং 'খামখেয়ালি' বলে উল্লেখ করে।
আদালতের পর্যবেক্ষণ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) পাঠানো রেফারেন্সে প্রশ্ন তোলা হয়েছিল, এই রায় আইনত সঠিক কি না। সেই নিয়ে এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বলেন, "আমরা শুধু আইন নিয়ে মতামত দেব, তামিলনাড়ুর মামলার সিদ্ধান্ত নিয়ে কিছু বলব না।" বিচারপতি সুর্যকান্ত স্পষ্ট করেন, "সংবিধানের ১৪৩ অনুচ্ছেদে রাষ্ট্রপতি জনস্বার্থে গুরুত্বপূর্ণ আইনগত বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। কিন্তু আদালত এই পথে গিয়ে আগের রায় খারিজ করতে পারে না।"
কেন্দ্রের যুক্তি ছিল, রাষ্ট্রপতি ও রাজ্যপালের পদ রাজনৈতিকভাবে স্বাধীন। তাই এ নিয়ে আদালতের হস্তক্ষেপ অপ্রয়োজনীয়। কিন্তু তামিলনাড়ু ও কেরল সরকার পাল্টা দাবি করে, যদি প্রেসিডেন্টের রেফারেন্সের মাধ্যমে আগের রায় বদলানো হয়, তবে বিচারবিভাগের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে।
দুই পক্ষের সওয়াল-জবাব শেষে প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ১৪৩ অনুচ্ছেদ অনুযায়ী আদালত শুধুমাত্র আইনি মতামত দিতে পারে। তাই ১২ এপ্রিলের রায়ই বহাল থাকবে। এর মানে, ভবিষ্যতে কোনও রাজ্যপাল বা রাষ্ট্রপতি বিল অনির্দিষ্টকালের জন্য আটকে রাখতে পারবেন না।
পাঁচ বিচারপতির বেঞ্চে প্রধান বিচারপতির পাশাপাশি রয়েছেন বিচারপতি সুর্যকান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি পি এস নারসিমা এবং বিচারপতি এ চন্দুরকর। মঙ্গলবার দীর্ঘ শুনানি চলার পর আদালত জানিয়েছে, আগামীকাল আবারও এই মামলার শুনানি হবে।