সম্প্রতি মুম্বই পুলিশের মাদক দমন সেল একটি বড়মাপের মাদক সিন্ডিকেটের জাল ফাঁস করে।

চক্রটি চালাত দাউদ ইব্রাহিমের শাগরেদ পুলিশের দূরবীনে থাকা ‘ড্রাগ লর্ড’ সেলিম ডোলা।
শেষ আপডেট: 15 November 2025 16:15
দ্য ওয়াল ব্যুরো: অন্ধকার জগতের ‘ডন’ দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠের মাদক পার্টিতে থাকার তদন্তে শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি সহ বেশ কয়েকজন বলিউড সেলেবের নাম উঠে এসেছে। সম্প্রতি মুম্বই পুলিশের মাদক দমন সেল একটি বড়মাপের মাদক সিন্ডিকেটের জাল ফাঁস করে। যে চক্রটি চালাত দাউদ ইব্রাহিমের শাগরেদ পুলিশের দূরবীনে থাকা ‘ড্রাগ লর্ড’ সেলিম ডোলা।
এই সিন্ডিকেটটি দুবাই থেকে চালাত ডোলা। তার ছেলে তাহের ডোলাকে গত অগস্টে প্রত্যর্পণ করেছে সংযুক্ত আরব আমিরশাহি। তার কাছ থেকেই এই চক্রের ভিতরের অনেক খবর জেনেছে পুলিশ। তাহের জানিয়েছে, বেশ কয়েকজন বলিউডের অভিনেতা, মডেল, ব়্যাপার, চলচ্চিত্র নির্মাতা এবং দাউদ ইব্রাহিমের আত্মীয়রা বিভিন্ন মাদক-পার্টিতে অংশ নিতেন। এই ধরনের পার্টি কখনও ভারতে, অথবা বিদেশি রিসর্ট-হোটেলে অনুষ্ঠিত হতো।
এই পার্টিগুলির ব্যবস্থা করত তাহের। শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধার্থ কাপুরের বিরুদ্ধেও এই ধরনের পার্টিতে যোগ দেওয়ার অভিযোগ রয়েছে। হেফাজতের কপি থেকে জানা গিয়েছে, অভিযুক্ত নম্বর ৫ বলেছে যে, দেশে ও বিদেশে সে এ ধরনের মাদক পার্টির ব্যবস্থা করত। সেখানে সে মাদক সরবরাহ করত। অভিযুক্ত এর আগে দেশে ও বিদেশে যে মাদক পার্টির আয়োজত করেছিল তাতে আলিশা পার্কার (দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের ছেলে), নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর ও তাঁর ভাই সিদ্ধার্থ কাপুর, দুষ্কৃতী গুলিতে নিহত বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি, ওরি ওরফে অরফ্যান, পরিচালক জুটি আব্বাস-মস্তান, লোকা এবং আরও অনেকে ও সে নিজেও অংশ নিত। এইসব পার্টির ড্রাগস জোগান দিত সে নিজে।
পুলিশের অপরাধ দমন শাখা এখন এইসব ব্যক্তিদের সমন পাঠাবে এবং তাঁদের বয়ান নেবে। এ ব্যাপারে শ্রদ্ধা কাপুর কিংবা নোরা ফাতেহি অথবা তাঁদের জনসংযোগ টিম কোনও প্রতিক্রিয়া জানায়নি। প্রসঙ্গত উল্লেখ করা যায়, ২০১৭ সালে অপূর্ব লখিয়া পরিচালিত ‘হাসিনা পার্কার’ নামে একটি ছবিতে শ্রদ্ধা কাপুর নাম ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তাঁর ভাই সিদ্ধার্থ কাপুর দাউদের ভূমিকায় অভিনয় করেন।