‘দশেরা’র আগে ‘নবরাত্রি’ উপলক্ষে দেশের প্রায় প্রতিটি কোণায় স্থানীয়ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে ‘রামলীলা’ সংক্রান্ত যাত্রাপালা।

মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘রাজা দশরথ’রূপী বৃদ্ধ অভিনেতা।
শেষ আপডেট: 24 September 2025 12:20
দ্য ওয়াল ব্যুরো: আনন্দঘন মুহূর্ত পলকে বদলে গেল চরম দুঃখের ঘটনায়। ‘দশেরা’র আগে ‘নবরাত্রি’ উপলক্ষে দেশের প্রায় প্রতিটি কোণায় স্থানীয়ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে ‘রামলীলা’ সংক্রান্ত যাত্রাপালা। তেমনই একটি মহোৎসবের মতো অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ‘রাজা দশরথ’রূপী বৃদ্ধ অভিনেতা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের চাম্বায়। ৭৩ বছর বয়সি অমরেশ মহাজন রাজা দশরথের ভূমিকায় অভিনয় করছিলেন। অভিনয়ের সময়েই সিংহাসনে বসা অবস্থায় হার্ট অ্যাটাক হয়ে মঞ্চেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কাকতালীয়ভাবে যাত্রাপালার দশরথ অমরেশ মহাজন সেই সময় বিশ্বামিত্র মুনির সঙ্গে সংলাপ বিনিময় করছিলেন। সেই সময় রাজা দশরথের সংলাপ ছিল, হাসতে হাসতে তিনি বলেন, আপনার জন্য আমি প্রাণত্যাগ করতে প্রস্তুত। তারপরেই তিনি ঢলে পড়েন হার্ট অ্যাটাকে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাম্বার চৌগন ময়দানে মঙ্গল-বুধের রাত দেড়টা নাগাদ রামলীলা মঞ্চস্থ চলছিল। সীতা স্বয়ম্বর অংশটির অভিনয় দ্বিতীয় দিনের জন্য নির্ধারিত ছিল। যখন প্রায় সমস্ত অভিনেতা তাঁদের নির্ধারিত সংলাপ বলছিলেন, তখনই হঠাৎ সিংহাসনে বসেই পার্শ্ব অভিনেতার কাঁধে ঢলে পড়েন অমরেশ মহাজন।
A man playing the role of King Dashrath collapsed and died on stage during the Ramleela in Chamba district of Himachal Pradesh. pic.twitter.com/6bThTX2LIk
— Piyush Rai (@Benarasiyaa) September 24, 2025
প্রথমে সহ অভিনেতা ভেবেছিলেন, তিনি অভিনয়ই করছেন। এবং গোড়ায় চুপ করেই বসেছিলেন। কিন্তু, আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন বোঝা যায় যে, তিনি অভিনয় করছেন না। সত্যিই সংজ্ঞা হারিয়েছেন। তাঁকে মঞ্চ থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
৭৩ বছরের অমরেশ মহাজনের ডাকনাম শিবু। তিনি মুঘল মহল্লার বাসিন্দা। গত ৪০ বছর ধরে তিনি ঐতিহাসিক চৌগন ময়দানে রামলীলায় অভিনয় করছেন। তিনি রাবণ নয়তো দশরথের ভূমিকায় অভিনয় করে এসেছেন। এই বয়সে এসেও তিনি কর্তৃপক্ষকে জানিয়েছিলেন দশরথের ভূমিকায় অভিনয়ে প্রস্তুত। আর এবারেই শেষবারের জন্য অভিনয় করবেন তিনি।