বৃহস্পতিবার এ ব্যাপারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বিদেশযাত্রাকালেও তিনি নিরাপত্তাবিধি অমান্য করেছেন।

নিরাপত্তার ঘেরাটোপ বারবার অগ্রাহ্য করলে তাঁর জীবনে গুরুতর ঝুঁকি আসতে পারে।
শেষ আপডেট: 11 September 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Ganhi) বিরুদ্ধে দলের সভাপতির কাছে বিশাল নালিশের ফর্দ পাঠাল সিআরপিএফ (CRPF)। বহুবার বলা সত্ত্বেও লোকসভার বিরোধী দলনেতা নিরাপত্তাবিধি ভঙ্গ করছেন বলে অভিযোগ কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনীর। বৃহস্পতিবার এ ব্যাপারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, বিদেশযাত্রাকালেও তিনি নিরাপত্তাবিধি অমান্য করেছেন। শুধু তাই নয়, এভাবে নিরাপত্তার ঘেরাটোপ বারবার অগ্রাহ্য করলে তাঁর জীবনে গুরুতর ঝুঁকি আসতে পারে।
রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়্গেকে সিআরপিএফ রাহুল গান্ধীর সিকিউরিটি প্রটোকল ভাঙা নিয়ে চিঠি দিয়ে জানিয়েছে। বাহিনী লিখেছে, অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ দল সহ রাহুল গান্ধী জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান। কিন্তু, বহু ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে তিনি ন্যূনতম বিধি মান্য করে চলেন না।
সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (CAPF) পৃথক আরেকটি চিঠি দিয়েছে খোদ রাহুল গান্ধীকে। তারা জানিয়েছে, তিনি যেভাবে বিধি লঙ্ঘন করছেন, তাতে তাঁর নিরাপত্তা বিপদের মুখে পড়তে পারে। সরকারি কর্তারা সংবাদ সংস্থাকে জানান, রাহুলের নিরাপত্তাবিধি ভঙ্গ রীতিমতো উদ্বেগের বিষয়। ভবিষ্যতে তিনি যেন নিয়ম মেনে চলাফেরা করেন।
সিআরপিএফ স্পষ্ট জানিয়েছে, প্রথাগত যে নিরাপত্তাবিধি অনুসরণ করা হয়, তা ভেঙে ফেললে সুরক্ষা দেওয়ার ব্যাপারেও অসুবিধায় পড়তে হয় দায়িত্বশীল আধিকারিকদের। ভিভিআইপিদের জন্য সুরক্ষা ব্যবস্থা আগাম তৈরি করা থাকে। হঠাৎ করে তা উপেক্ষা করলে মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে।
চিঠিতে রাহুলের বিদেশযাত্রার দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তিনি ইতালি, ভিয়েতনাম, কাতার, লন্ডন ও মালয়েশিয়া ভ্রমণে গিয়েছেন। তিনি প্রায়শই ব্যক্তিগত ও রাজনৈতিক কারণে বিদেশ ভ্রমণ করেন। নিরাপত্তাবিধির ইয়েলো বুক প্রটোকল অনুযায়ী ভিভিআইপিদের উচিত এজেন্সিকে আগাম যাত্রাপথ ও কর্মসূচি জানিয়ে দেওয়া। যার মধ্যে বিদেশযাত্রাও আছে। যাতে এজেন্সির লোকজন সুবিধামতো সুরক্ষা কবচ তৈরি করতে পারে। কিন্তু, রাহুল গান্ধী ধারাবাহিকভাবে এই বিধি অমান্য করে নিজের মতো চলছেন বলে চিঠিতে লেখা হয়েছে।