টেস্ট ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিবাবা জাদেজা উত্তর জামনগরের বিধায়ক রিবাবা ভারতীয় জনতা দলে যোগ দেন ২০১৯ সালে।

টেস্ট ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিবাবা জাদেজা।
শেষ আপডেট: 17 October 2025 13:37
দ্য ওয়াল ব্যুরো: পূর্বঘোষিত শুক্রবার সকালেই বিজেপি নেতৃত্বাধীন গুজরাতে নয়া মন্ত্রিসভার সদস্যের নাম ঘোষণা করল দল। যার মধ্যে রয়েছেন টেস্ট ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিবাবা জাদেজা। উত্তর জামনগরের বিধায়ক রিবাবা ভারতীয় জনতা দলে যোগ দেন ২০১৯ সালে। এদিন সকালেই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করে নয়া মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের অনুরোধ জানান।
মন্ত্রিসভার এই খোলনলচে বদলে দেওয়া সম্প্রসারণে উল্লেখযোগ্য সংযোজন হলেন রিবাবা। ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়ে পরে তিনি উত্তর জামনগর কেন্দ্র বিধায়ক প্রার্থী। ২০২২ সালের বিধানসভা ভোটে তিনি এই কেন্দ্র থেকে ৫০,০০০ ভোটে জয়ী হয়েছিলেন। ভোটে ধর্মপত্নীর হয়ে প্রচারও করেছিলেন রবীন্দ্র। রিবাবা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির প্রার্থীকে হারিয়েছিলেন। আপ ওই ভোটে পেয়েছিল ২৩ শতাংশ ভোট এবং তৃতীয় স্থানে কংগ্রেস পেয়েছিল মাত্র ১৫.৫ শতাংশ ভোট।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বিজেপি শাসিত গুজরাতের সব মন্ত্রী পদত্যাগ করেন বৃহস্পতিবার সন্ধ্যায়। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে মন্ত্রিসভার ১৬ জন সদস্য একযোগে ইস্তফা দেন গতকাল। তার মধ্যে ৮ জন ক্যাবিনেট পর্যায়ের এবং বাকিরা রাষ্ট্রমন্ত্রী। ১৮২ সদস্যবিশিষ্ট গুজরাত বিধানসভার ১৫ শতাংশ ধরলে প্রায় ২৭ জন মন্ত্রী হওয়ার কথা ছিল।
বিজেপি সূত্রে খবর ছিল, মন্ত্রিসভার সম্প্রসারণ করে অন্তত ১০ জন নতুন দায়িত্ব পাবেন। বর্তমান মন্ত্রীদের অন্তত অর্ধেককে সরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে ডাকা এক বৈঠকে উপস্থিত সকলে ইস্তফাপত্র তুলে দেন। সেখানে হাজির ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল। সূত্রটি জানিয়েছে, বনসল ও মুখ্যমন্ত্রী প্যাটেল প্রত্যেক মন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করেন। সেখানে তাঁদের জানানো হয়, কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে যে, সকলকে ইস্তফা দিতে হবে।
প্রসঙ্গত, গুজরাত বিধানসভার নির্বাচনের প্রায় দুবছর আগে এই ব্যাপক রদবদল হতে চলেছে। সাধারণত, বিধানসভা ভোটের বছর দুই আগে মুখ্যমন্ত্রী মুখ করে থাকে পার্টি। ভোটের ঠিক আগে আগে স্বচ্ছ ভাবমূর্তি, কলঙ্কমুক্ত, জাতভিত্তিক একজনকে মুখ্যমন্ত্রী করে থাকে দল। যাতে সরকার বিরোধী হাওয়াকে উল্টোদিকে ঘুরিয়ে দেওয়া যায়।
শোনা যাচ্ছে, মাত্র ৫-৬ মন্ত্রী ফের দায়িত্ব ফিরে পাবেন। তবে সকলেরই দফতর বদল হয়ে যেতে পারে। নতুন গুজরাত মন্ত্রিসভা শপথ নেবে শুক্রবার গান্ধীনগরের মহাত্মা মন্দিরে, বেলা সাড়ে ১১টায়। সেই অনুষ্ঠানে হাজির থাকার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডার। এই খোলনলচে বদলের কারণ হচ্ছে, ভোটের ২ বছর আগেই মন্ত্রিসভায় নতুন তরতাজা মুখ এবং জাত ও আঞ্চলিক প্রতিনিধিত্বের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা।