হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়া ও আসার বেশিরভাগ দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত টিকিট শেষ হয়ে গিয়েছে। তৎকালের টিকিটও বাড়ন্ত।

মিনিটে মিনিটে চড়ছে বিমান ভাড়ার টিকিট।
শেষ আপডেট: 17 October 2025 11:43
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো আর কালীপুজোর মধ্যে যাঁরা বেড়াতে গিয়েছেন, তাঁরা পড়েছেন ঘোর বিপদে। ঘরে ফেরার জন্য তাঁরা টিকিটের তাগিদে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ভারতের অধিকাংশ দূরপাল্লার ট্রেনেই ঠাঁই নেই দশা। হাওড়া ও শিয়ালদহ থেকে ছাড়া ও আসার বেশিরভাগ দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত টিকিট শেষ হয়ে গিয়েছে। তৎকালের টিকিটও বাড়ন্ত। ফলে দেওয়ালি, ছট পুজোর মুখে ঘরে ফেরা মানুষ ও পর্যটকরা পড়েছেন অকূল পাথারে। মিনিটে মিনিটে চড়ছে বিমান ভাড়ার টিকিট। একইভাবে মওকা বুঝে ফয়দা তুলছেন গাড়ি মালিকরাও।
দেওয়ালি বা দীপাবলি দোরগোড়ায় এসে গিয়েছে। তার কদিন পরেই ছটপুজো। বহু বাঙালি ঘরের লক্ষ্মীপুজোটি সেরেই বেরিয়ে পড়েন বেড়াতে। ফেরেন ভাইফোঁটার আশপাশে। ফলে শুধু অবাঙালিরাই নয়, এই ঘরে ফেরার মহাযুদ্ধে পড়েছেন অগুনতি বাঙালিও। স্ত্রী-ছেলে-মেয়ে, বৃদ্ধসহ পরিবারের সকলকে নিয়ে ঘরে ফেরাই এখন চ্যালেঞ্জের মুখে। একে তো ট্রেন বা বিমানের ভাড়া লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। তার উপর এজেন্টরাও এই সুযোগে টিকিট প্রতি কমিশনের হারও চড়িয়ে দিয়েছেন। কিন্তু, তাতেও টিকিট মিলছ কই!
দিল্লি, মুম্বই, কলকাতা, জয়পুর, লখনউ এবং আমদাবাদ যাতায়াতের অধিকাংশ দূরপাল্লার ট্রেন এমনকী উৎসব স্পেশাল ট্রেনগুলিতেও ওয়েটিং লিস্টের লম্বা লাইন লেগে গিয়েছে। যাত্রীদের এই ভিড় দেখে দেওয়ালি ও ছট পুজো উপলক্ষে দক্ষিণ-মধ্য রেল ৯০০টি বিশেষ ট্রেন দিয়েছে এ মাসে। যেগুলি সাঁতরাগাছি, হাওড়া সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর হয়ে যাতায়াত করবে। কিন্তু, এই ট্রেনগুলির ভাড়া মারাত্মক হারে বেড়ে গিয়েছে।
ট্রেন ও বিমানের এই অবস্থা দেখে অনলাইন কার পুলিংয়ের রমরমা ব্যবসা চলছে। অনেকেই ঘরে ফেরার জন্য ভাড়ার গাড়ি শেয়ারে নিচ্ছেন। সেই কারণে ব্লাব্লাকার, কুইকরাইড এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সহযাত্রী সওয়ারির খোঁজ চলছে প্রতিনিয়ত। গাড়ি ভাড়া নিয়ে দূরপাল্লার পথ একবারে কিংবা ভাঙা পথে যাওয়ার চেষ্টা করছেন অনেকেই। বাজপেয়ীর আমলে তৈরি চতুষ্কোণ এক্সপ্রেসওয়ে ধরে এরকম গাড়ির লম্বা সারি চোখে পড়ছে। একইভাবে বেসরকারি ভলভো ও এসি বাসগুলিতেও ঠাঁই নেই দশা হয়েছে। কোনও বিকল্প না পেয়ে অনেকেই লোটাকম্বল নিয়ে ভলভো কিংবা টু বাই টু এসি বাসে ফেরার পথ বেছে নিচ্ছেন। যে কারণে লখনউ-পাটনা, বারাণসী-গয়ার মতো অতি ব্যস্ত রুটে ভাড়া পৌঁছেছে সাড়ে ৩ হাজার টাকা থেকে ৪০০০ টাকার মধ্যে। বিমানভাড়া কোথাও কোথাও বেড়েছে ৭০০ শতাংশ পর্যন্ত।