রবিবার নয়াদিল্লিতে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করল এনডিএ
শেষ আপডেট: 18 August 2025 00:29
দ্য ওয়াল ব্যুরো: উপরাষ্ট্রপতি নির্বাচনে (Election of Vice President) বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) তাদের প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করল। রবিবার নয়াদিল্লিতে বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বিজেপি সভাপতি জেপি নাড্ডা জানান, “মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ এনডিএ’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী। আমরা চাই এই নির্বাচন সর্বসম্মত হোক, তাই বিরোধী শিবিরের নেতাদের সঙ্গেও যোগাযোগ করছি।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-এ লেখেন, “দীর্ঘ জনজীবনে থিরু সিপি রাধাকৃষ্ণণজি তাঁর নিষ্ঠা, বিনয় ও প্রজ্ঞা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সাংসদ, রাজ্যপালসহ বিভিন্ন পদে তিনি সমাজসেবা ও প্রান্তিক মানুষদের ক্ষমতায়নে কাজ করেছেন। তাঁর সংসদীয় হস্তক্ষেপ ছিল প্রখর, আর রাজ্যপালের দায়িত্ব সামলানোর সময় সাধারণ মানুষের সমস্যা সমাধানে মনোযোগ দিয়েছেন। আমি নিশ্চিত, তিনি অনুপ্রেরণাদায়ী উপরাষ্ট্রপতি হবেন।”
সিপি রাধাকৃষ্ণণ এক্স-এ লিখেছেন, “আমাদের প্রিয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক ধন্যবাদ আমাকে এনডিএ উপরাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য। আমি দেশসেবায় সর্বশক্তি নিয়োগ করব।” তিনি আরও বলেন, “অমিত শাহজি, নাড্ডাজি এবং এনডিএ নেতৃত্ব আমাকে যে আস্থা দিয়েছেন, তাতে আমি অভিভূত। শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশসেবায় কাজ করব।”
কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঁঝিও এক্স-এ লেখেন, “আমরা উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে পূর্ণ সমর্থন করছি। রাস্তায় হোক বা সংসদে, আমরা এনডিএ’র পাশে।”
অন্যদিকে, বিরোধী দলগুলির জোট ‘ইন্ডিয়া’ নিজেদের প্রার্থী দিতে চলেছে। সোমবার সকালে রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গের দফতরে বৈঠক হবে। সূত্র জানিয়েছে, খাড়গে ইতিমধ্যেই বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। গত সপ্তাহে রাহুল গান্ধীর নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রতীকী বার্তা দিতে বিরোধী শিবির প্রার্থী দেবে।
উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ অগস্ট, যাচাই হবে ২২ অগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৫ অগস্ট। প্রয়োজনে ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে ভোট হবে। সেদিন সন্ধ্যাতেই গণনা হবে।
উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় স্বাস্থ্য সমস্যার কারণে ২১ জুলাই পদত্যাগ করায় নির্বাচন প্রয়োজন হয়েছে।
সংসদের মোট শক্তি ৭৮২ জন। জয়ের জন্য প্রয়োজন ৩৯১ ভোট। এনডিএ’র কাছে প্রায় ৪২২ সদস্যের সমর্থন রয়েছে, ফলে তাদের প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল।