গত বছর দিল্লিতে বিজেপি এবং শিরোমণি অকালি দলের ‘ঘনিষ্ঠ’ হিসাবে কয়েকটি শিখ সংগঠন রায়বরেলীর কংগ্রেস সাংসদের সরকারি বাংলের অদূরে বিক্ষোভ দেখান।

রাহুল গান্ধী
শেষ আপডেট: 26 September 2025 15:27
দ্য ওয়াল ব্যুরো: শিখ সম্প্রদায় (Sikh Community) নিয়ে বিতর্কিত মন্তব্যের মামলায় বড় ধাক্কা খেলেন কংগ্রেস সাংসদ (Congress MP) রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। এর ফলে বারাণসীর এমপি–এমএলএ আদালতে (Varanasi MP/MLA court) তাঁর বিরুদ্ধে হওয়া মামলার পুনর্বিবেচনার পথ সহজ হল।
ঘটনার সূত্রপাত ২০২৪ সালে, রাহুল গান্ধীর আমেরিকা সফরে (Rahul Gandhi US Tour)। তিনদিনের সেই সফরে ভার্জিনিয়ায় (Virginia) এক অনুষ্ঠানে রাহুল দাবি করেছিলেন, ভারতে শিখদের পাগড়ি (Sikh Turban) বা কারা (লোহার বালা) পরতে দেওয়া হয় না, এমনকী গুরদ্বারায় (Gurdwara) প্রবেশেও বাধা দেওয়া হয়। তাঁর সেই মন্তব্যের ভিত্তিতে ২০২৪ সালের ২৮ নভেম্বর মামলা দায়ের হয়েছিল।
প্রথমে এমপি–এমএলএ আদালত শুনানি শেষে মামলা খারিজ করেছিল। পরে নাগেশ্বর মিশ্র নামে এক ব্যক্তি পুনর্বিবেচনার আর্জি জানান বারাণসীর সেশন কোর্টে (Varanasi Session Court)। গত ২১ জুলাই বিশেষ বিচারক (এমপি–এমএলএ আদালত) তা গ্রহণ করেন। সেই নির্দেশই চ্যালেঞ্জ করেছিলেন রাহুল গান্ধী।
গত ৩ সেপ্টেম্বর সব পক্ষের বক্তব্য শোনার পর এলাহাবাদ হাইকোর্ট রায়দান স্থগিত রাখে। শুক্রবার জানিয়ে দিল, রাহুলের আর্জি খারিজ করছে আদালত। এর ফলে বারাণসীর আদালতে মামলার পুনর্বিবেচনা হবে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘বিতর্কিত’ মন্তব্যের অভিযোগ তুলে তাঁর বাংলোর অদূরেও বিক্ষোভ হয়েছিল। গত বছর দিল্লিতে বিজেপি এবং শিরোমণি অকালি দলের ‘ঘনিষ্ঠ’ হিসাবে কয়েকটি শিখ সংগঠন রায়বরেলীর কংগ্রেস সাংসদের সরকারি বাংলের অদূরে বিক্ষোভ দেখান। বিষয়টি নিয়ে রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।
তাঁর প্রশ্ন ছিল - দেশের কোন প্রান্তে শিখদের পাগড়ি পরার অধিকার খর্ব করা হয়েছে তার জবাব দিতে পারবেন রাহুল? অভিযোগের সুরে বলেছিলেন, তিনি সংঙ্কীর্ণ রাজনীতি করছেন। এই পরিপ্রেক্ষিতে ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী শিখবিরোধী হিংসার প্রসঙ্গ তুলে তাঁকে এবং গান্ধী পরিবারকেই কটাক্ষ করেছিলেন তিনি।