রাহুল গান্ধীর অভিযোগের পর নড়েচড়ে বসল কমিশন! অনলাইনে ভোটার তালিকা বদলে দিতে হলে এবার বাধ্যতামূলক আধার-লিঙ্কড ফোন ও ই-সিগনেচার।

ভোটার তালিকা থেকে অনলাইন জালিয়াতির মাধ্যমে নাম বাদ দেওয়া হচ্ছে বলে গত সপ্তাহে গুরুতর অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
শেষ আপডেট: 24 September 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকা থেকে অনলাইন (online electoral roll revision) জালিয়াতির মাধ্যমে নাম বাদ দেওয়া হচ্ছে বলে গত সপ্তাহে গুরুতর অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (,Congress leader Rahul Gandhi)। জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar) লোকসভার বিরোধী দলনেতার অভিযোগকে ভিত্তিহীন বলেছিলেন। কিন্তু মঙ্গলবার থেকে নির্বাচন কমিশন অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা, নাম বাদ এবং নানা সংশোধনীর যে নিয়ম চালু করেছে তা রাহুলের অভিযোগের মান্যতা বলে মানছে সংশ্লিষ্ট সব মহল।
কমিশন মঙ্গলবার যে নিয়ম চালু করেছে তা এককথায় অনলাইনে ভোটার/আবেদনকারীর ই-সিগনেচার (E-Signature) বাধ্যতামূলক। কমিশনের ই-নেট পোর্টাল ও অ্যাপে সংযুক্ত হতে প্রত্যেক আবেদনকারীকে আধার কার্ডের নম্বর উল্লেখ করতে হবে। আধার কার্ডে উল্লিখিত মোবাইল নম্বরে যাওয়া কোড নম্বর পোর্টাল/অ্যাপে টাইপ করলে তবেই সেটি সচল হবে। এরফলে ইলেকশন কমিশনের সার্ভারে থেকে যাবে কে কোন প্রয়োজনে ভোটার তালিকার অনলাইন ব্যবস্থার প্রবেশ করেছিলেন।
আশ্চর্যের হল, এত বড় একটা পরিবর্তনের বিষয়ে নির্বাচন কমিশন এখনও সরকারিভাবে কিছু ঘোষণা করেনি। মনে করা হচ্ছে তাতে রাহুল গান্ধীর অভিযোগ মান্যতা পেয়ে যাবে বুঝেই হয়তো কমিশন নীরব।
রাহুল গত সপ্তাহে কর্নাটকের একটি বিধানসভার ভোটার তালিকা তুলে ধরে দেখান কীভাবে একটি মোমাইল নম্বর ব্যবহার করে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে৷ রাহুলের কথায় এটাও একটা ভোট চুরি।
লোকসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে চেপে ধরেছেন। তাঁর অভিযোগ, বিজেপি কোথাও ভুয়ো বাম ঢুকিয়ে, কোথাও প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে জয় হাসিল করেছে। নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির বোঝাপড়া আছে। রাহুলের আরও অভিযোগ জালিয়াতির বিষয়টি কমিশনের অজানা নয়।