পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা ছাড়াই পুরুষ প্রশিক্ষকেরা (Gym Trainers) যখন মহিলাদের জিমে প্রশিক্ষণ দেন, তখন নানা সমস্যার সম্ভাবনা তৈরি হয় বলে পর্যবেক্ষণ আদালতের।

এলাহাবাদ হাইকোর্ট
শেষ আপডেট: 2 September 2025 08:46
দ্য ওয়াল ব্যুরো: জিমে (Gym) মহিলাদের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা ছাড়াই পুরুষ প্রশিক্ষকেরা (Gym Trainers) যখন মহিলাদের জিমে প্রশিক্ষণ দেন, তখন নানা সমস্যার সম্ভাবনা তৈরি হয় বলে পর্যবেক্ষণ আদালতের।
মীরাটের (Meerut) এক জিম প্রশিক্ষক নীতিন সাইনির মামলার শুনানিতে এমনই মন্তব্য করেন বিচারপতি শেখরকুমার যাদব। অভিযোগ, ওই প্রশিক্ষক (Male Trainer) এক মহিলা গ্রাহককে জাতিগত অপমান করেছেন। শুধু তাই নয়, অপর এক মহিলা গ্রাহকের অশ্লীল ভিডিও তৈরি করে তা পাঠানোর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।
আদালত জানিয়েছে, এই ধরনের কাজ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (মহিলার শ্লীলতাহানি) ও ৫০৪ ধারা (ইচ্ছাকৃত অপমান) অনুযায়ী অপরাধ হিসেবে ধরা হতে পারে।
আদালতের নির্দেশ, মীরাটের ব্রহ্মপুরী থানার তদন্তকারী আধিকারিককে শপথপত্রে জানাতে হবে— অভিযুক্তের জিম কি বৈধভাবে নথিভুক্ত ছিল, তাঁকে কি গ্রেফতার করা হয়েছে, এবং সেখানে মহিলা প্রশিক্ষক নিয়োগ আছে কি না। পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে ৮ সেপ্টেম্বর।
তরুণ-তরুণীদের মধ্যে ফিটনেস নিয়ে সতর্ক দিন দিন আরও বাড়ছে। অনেকেই সুঠাম দেহ এবং সুস্থ জীবনযাত্রার জন্য নিয়মিত জিমে যান। তবে ইউনিসেক্স জিমের সংখ্যা যত বাড়ছে তত প্রশ্ন উঠছে জিমের মহিলাদের নিরাপত্তা নিয়ে।
ইউনিসেক্স জিমগুলিতে নিয়ম মেনে চলা নিয়েও চিন্তা থেকেই যাচ্ছে। এই ধরনের জিমগুলিতে মহিলা ট্রেনার থাকা, সুরক্ষার বন্দ্যোবস্ত সহ একাধিক নিয়ম মেনে চলতে হয়। বর্তমানে একাধিক ইউনিসেক্স জিম গজিয়ে উঠছে। সেখানে নিয়ম কানুন আদৌ মেনে চলা হয় তো? উঠছে প্রশ্ন।