দেওয়ালের নীচে চাপা পড়ে মৃত্যু হয় ৪০ বছর বয়সি মীরা দেবী এবং তাঁর ১৭ বছর বয়সি ছেলে গণপতের। মীরার আরেক ছেলে, ১৯ বছরের দশরথ এবং ৩৫ বছর বয়সি নানে নামে এক ব্যক্তি আহত অবস্থায় উদ্ধার হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 29 July 2025 16:50
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির সিভিল লায়েন্স এলাকায় টানা বৃষ্টির জেরে নির্মীয়মাণ একটি বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল এক মহিলার ও তাঁর ছেলের। মঙ্গলবার সকালে ঘটনাটি হয় লেফটেন্যান্ট গভর্নরের বাসভবনের কাছেই। গুরুতর আহত হয়েছেন ওই মহিলার আরেক ছেলে ও এক প্রতিবেশী।
দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'সিভিল লায়েন্স এলাকায় বৃষ্টির কারণে দেওয়াল ভেঙে পড়ায় মা-ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন।' ফায়ার সার্ভিসের এক আধিকারিক জানিয়েছেন, সকাল ৯টা ৫৩ মিনিট নাগাদ একটি নির্মীয়মাণ বাড়ির দেওয়াল ধসের খবর আসে কন্ট্রোল রুমে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল।
দেওয়ালের নীচে চাপা পড়ে মৃত্যু হয় ৪০ বছর বয়সি মীরা দেবী এবং তাঁর ১৭ বছর বয়সি ছেলে গণপতের। মীরার আরেক ছেলে, ১৯ বছরের দশরথ এবং ৩৫ বছর বয়সি নানে নামে এক ব্যক্তি আহত অবস্থায় উদ্ধার হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রবল বর্ষণের ফলে ভিজে মাটি আলগা হয়ে যাওয়ায় বাড়ির পাশের দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
উল্লেখ্য, দিল্লিতে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর আগেই সতর্কতা জারি করেছিল ঝড়-বৃষ্টির কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এই ঘটনার পর নির্মীয়মাণ বিল্ডিং ঘিরে রাখা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।