দিল্লির অন্দরের খবর, শশী তারুরকে অনুরোধ করা হয়েছিল পহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীপক্ষের অন্যতম মুখ হয়ে সংসদে কথা বলার জন্য।

শশী তারুর
শেষ আপডেট: 28 July 2025 16:38
দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম সন্ত্রাস (Pahalgam Attack) এবং অপারেশন সিঁদুর (Operation Sindoor) ঘিরে যখন সংসদে উত্তপ্ত বিতর্কের তোড়জোড় চলছে, এমন সময় কংগ্রেসের (Congress) অন্যতম বরিষ্ঠ সাংসদ শশী তারুর (Shashi Tharoor) একপ্রকার দলীয় অবস্থানকেই অস্বীকার করেন। দলীয় বার্তার সঙ্গে মিল না থাকায় বিতর্কে মুখ খুলতে অস্বীকার করেন তিনি।
দিল্লির অন্দরের খবর, শশী তারুরকে অনুরোধ করা হয়েছিল পহেলগাম হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীপক্ষের অন্যতম মুখ হয়ে সংসদে কথা বলার জন্য। এই অনুরোধ এসেছিল সরাসরি রাহুল গান্ধীর দফতর থেকে। কিন্তু তারুর জানিয়ে দেন, তিনি অপারেশন সিঁদুরকে সমর্থন করেন এবং নিজের আগের বক্তব্যের সঙ্গে বিরোধিতা করে শুধু দলের প্রচারের খাতিরে কিছু বলতে পারবেন না।
ফলে শেষ পর্যন্ত কংগ্রেস সিদ্ধান্ত নেয়, বিতর্কে তিনি মুখ খুলবেন না। দলের হয়ে বক্তব্য রাখবেন রাহুল গান্ধী, গৌরব গগৈ, এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
২০২১ সাল থেকে কংগ্রেসের সঙ্গে শশী তারুরের সম্পর্কে টানাপোড়েন শুরু। সেই সময় ‘জি-২৩’ নামে পরিচিত দলের বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম সদস্য হন তিনি। একাধিক পরাজয়ের পর গান্ধী পরিবারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন তারুর। এরপর থেকে তাঁর অবস্থান আরও স্পষ্ট হয়।
সম্প্রতি মার্কিন সফরে গিয়ে পহেলগাম কাণ্ড ও ভারতের সন্ত্রাসবিরোধী নীতি নিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করেন শশী তারুর। তার জেরেই কংগ্রেস নেতৃত্বের মধ্যে অসন্তোষ তৈরি হয়। শোনা যায়, ওই সফরে তিনিই ছিলেন প্রধান বক্তা, সরকারের প্রতিনিধি হিসেবে নয়, কিন্তু বিরোধী সাংসদ হিসেবে তাঁর ভূমিকায় কংগ্রেস অস্বস্তিতে পড়ে।
এদিন সংসদ চত্বরে ঘটনার কথা নিয়ে প্রশ্ন করা হলে তারুর যদিও চুপ থাকেন। পাশে থাকা রেনুকা চৌধুরী বলেন, “সংবিধান অনুযায়ী উনি যে কোনও বিষয়ে নিজের মত প্রকাশ করতেই পারেন।”
একাধিকবার শশী তারুরকে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠেছে। যদিও তারুর স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "গতি ও সঙ্কল্প"-এর প্রশংসা মানেই বিজেপিতে যাওয়ার ইঙ্গিত নয়। ১৬ বছর ধরে কংগ্রেসের আদর্শে বিশ্বাসী বলেও জানিয়েছেন তিনি।
তবুও, যখন বিজেপি বিরোধী তীব্র আক্রমণের কৌশলে কংগ্রেস অগ্রণী মুখ খুঁজছিল, তখন তারুরের এই সরে দাঁড়ানো দলের অন্দরের বিভাজনকেই সামনে এনে দিল। অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কে দলের অন্যতম চিন্তাশীল ও আন্তর্জাতিক মুখের অনুপস্থিতি কংগ্রেসের পক্ষে নিঃসন্দেহে এক বড় ধাক্কা।