শশী তারুর ও কংগ্রেস দলের মধ্যে সম্পর্কের ফাটল এবার আরও ঘনীভূত হল।

শেষ আপডেট: 20 July 2025 22:14
দ্য ওয়াল ব্যুরো: শশী তারুর ও কংগ্রেস দলের মধ্যে সম্পর্কের ফাটল এবার আরও ঘনীভূত হল। কেরলের বর্ষীয়ান কংগ্রেস নেতা কে মুরলীধরণ রবিবার কার্যত ‘ঘোষণা’ করলেন, তারুর এখন আর “আমাদের কেউ নন”। তাঁর দাবি, যতদিন না তারুর জাতীয় নিরাপত্তা বিষয়ে তাঁর অবস্থান বদলাচ্ছেন, ততদিন তাঁকে তিরুভনন্তপুরমে কোনও কংগ্রেস অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হবে না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুরলীধরণ বলেন, “ওঁকে তো আমরা আমন্ত্রণ জানাচ্ছি না, কাজেই তিনি বয়কট করছেন কি না—সেই প্রশ্নই ওঠে না।”
শশী তারুর কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য হলেও, তাঁর সাম্প্রতিক বক্তব্য ঘিরে দলের অন্দরে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনীকে সমর্থন করার কথা বলায় অনেক কংগ্রেস নেতাই মনে করছেন, তিনি দলকে অস্বস্তিতে ফেলেছেন।
কোচিতে শনিবার এক অনুষ্ঠানে তারুর বলেন, “দেশ আগে, দল পরে। আমি জানি অনেকেই আমার অবস্থানের জন্য আমাকে আক্রমণ করছেন, কিন্তু আমি ঠিক বলে মনে করি বলেই এই অবস্থান নিয়েছি।”
তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থে যদি অন্য কোনও দলের সঙ্গে সহযোগিতা করতে হয়, তখনই নিজের দল এটিকে বিশ্বাসঘাতকতা ভাবে। এটাই সমস্যার মূল।”
তারুরের বিরুদ্ধে ক্ষোভের আগুন অবশ্য নতুন নয়। সম্প্রতি তিনি একটি সমীক্ষা শেয়ার করেছিলেন, যেখানে তাঁকে ইউডিএফ (UDF)-এর মুখ্যমন্ত্রী পদের ‘সেরা পছন্দ’ হিসেবে দেখানো হয়। তাতেই মুরলীধরণ কটাক্ষ করেন, “আগে ওঁকে ঠিক করতে হবে, উনি কোন দলে আছেন।”
এর আগেও তারুরের একাধিক মন্তব্য ঘিরে দলের অন্দরে বিদ্রোহের সুর শোনা গিয়েছে। ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সমালোচনায় লেখা একটি প্রবন্ধ, যা একটি মালায়ালম দৈনিকে প্রকাশিত হয়, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন কংগ্রেস নেতারা।
মুরলীধরণ স্পষ্ট করে দিয়েছেন, “যদি তারুর মনে করেন কংগ্রেস তাঁকে সীমাবদ্ধ করছে, তাহলে তাঁকে সৎভাবে নিজের রাজনৈতিক পথ বেছে নেওয়া উচিত।”