মমতা আরও বলেন, “আমি একটি সূত্রে জানতে পেরেছি, অজিত পওয়ার বিজেপি ছাড়তে চাইছিলেন। সেই পরিস্থিতিতে এই দুর্ঘটনা অত্যন্ত সন্দেহজনক।”
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 28 January 2026 14:48
দ্য ওয়াল ব্যুরো: বারামতিতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar's death) মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ দেশ। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশের পাশাপাশি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ তদন্তের (Supreme Court-supervised investigation) দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুর্ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না (Conspiracy behind Ajit Pawar's death), তা খতিয়ে দেখার দাবিও তোলেন তিনি।
বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই খবরে আমি স্তম্ভিত ও মর্মাহত। একজন শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে যদি এমন ঘটনা ঘটে, তা হলে দেশের জনপ্রতিনিধিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে যায়।” তাঁর কথায়, এই দুর্ঘটনা গোটা ব্যবস্থার নিরাপত্তা নিয়েই গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।
মমতা আরও বলেন, “আমি একটি সূত্রে জানতে পেরেছি, অজিত পওয়ার বিজেপি ছাড়তে চাইছিলেন। সেই পরিস্থিতিতে এই দুর্ঘটনা অত্যন্ত সন্দেহজনক।” যদিও তিনি নির্দিষ্ট করে কারও নাম বা তথ্য প্রকাশ করেননি, তবে তাঁর দাবি, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে হবে। সেই কারণেই তিনি কেন্দ্রীয় কোনও সংস্থার নয়, শুধুমাত্র সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চান বলে স্পষ্ট করে দেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির উপর আস্থা নেই বলেও সরাসরি অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি কোনও এজেন্সির তদন্ত চাই না। এজেন্সিগুলো সব কেন্দ্রের কাছে বিক্রি হয়ে গেছে। তাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে প্রকৃত ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি।”
একের পর এক বিমান দুর্ঘটনার প্রসঙ্গ টেনে এনে মমতা বলেন, “দেশের মানুষের কোনও সুরক্ষা নেই। তাই প্রকৃত কারণ সামনে আসা দরকার।”
মমতা উল্লেখ করেন, বর্তমানে অজিত পওয়ার বিজেপি নেতৃত্বাধীন জোটের শরিক হলেও সম্প্রতি তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে নানা জল্পনা চলছিল। “আমি দেখেছিলাম, কিছু রিপোর্টে বলা হচ্ছিল তিনি হয়তো নিজের রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনা করতে পারেন। এই প্রেক্ষাপটে এমন ঘটনা নিঃসন্দেহে আরও বেশি উদ্বেগের,” মন্তব্য তাঁর।
ঘটনাকে “দেশের জন্য বড় ক্ষতি” বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের পরিবার, সহকর্মী ও সমর্থকদের প্রতি সমবেদনা জানান।
এদিকে দুর্ঘটনার কারণ নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। বুধবার সকাল থেকে বারামতি ও সংলগ্ন পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা ছিল। যে এলাকায় অজিত পওয়ার যাচ্ছিলেন, সেখানে দৃশ্যমানতা কার্যত শূন্য ছিল বলে জানা যাচ্ছে। তা সত্ত্বেও কীভাবে উড়ানের অনুমতি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।
সূত্রের খবর, উড়ানের আগে ইঞ্জিনিয়াররা বিমানের সমস্ত প্রযুক্তিগত দিক খতিয়ে দেখে ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছিলেন। কিন্তু যেহেতু একজন ভিভিআইপি, রাজ্যের উপমুখ্যমন্ত্রী যাত্রা করছিলেন, সেক্ষেত্রে নিরাপত্তা ও প্রযুক্তিগত পরীক্ষা আরও কড়া হওয়ার কথা। তা হলে কি সেই জায়গাতেই কোনও ফাঁক থেকে গিয়েছিল, উঠছে সেই প্রশ্ন।