তাঁর বক্তব্য, পথে একটি স্কুটার ও একটি গাড়ির সংঘর্ষের পর ফুটপাথে ঘুরছিল ছোট কুকুরটি। আঘাত পাওয়ার আশঙ্কা থাকায় তিনি সেটিকে তুলে নিজের গাড়িতে রাখেন।

রেণুকা চৌধুরী
শেষ আপডেট: 1 December 2025 18:30
দ্য ওয়াল ব্যুরো: শীতকালীন অধিবেশনের (Parliament Winter Session) প্রথম দিনই কেন্দ্রীয় রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী (Congress MP Renuka Chowdhury)। সোমবার তিনি নিজের গাড়িতে করে একটি কুকুরকে (Dog) সংসদে নিয়ে আসেন। আর সেই ঘটনাকে ঘিরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। বিজেপি অভিযোগ তোলে, সংসদের নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছেন তিনি।
রেণুকা অবশ্য কোনওরকম নিরাপত্তা লঙ্ঘনের (Security Mishap) অভিযোগই মানতে নারাজ। তাঁর বক্তব্য, পথে একটি স্কুটার ও একটি গাড়ির সংঘর্ষের পর ফুটপাথে ঘুরছিল ছোট কুকুরটি। আঘাত পাওয়ার আশঙ্কা থাকায় তিনি সেটিকে তুলে নিজের গাড়িতে রাখেন। সংসদে (Parliament) পৌঁছনোর পরই কুকুরটিকে বাড়িতে পাঠিয়ে দেন চালকের সঙ্গে।
তিনি প্রশ্ন তোলেন, “আইন কোথায় ভাঙা হয়েছে? আমি পথেই ছিলাম। দুর্ঘটনা (Accident) হতে দেখলাম। কুকুরটিকে বাঁচানোর জন্য তুলে নিয়েছি। সংসদে এসেছি, তারপরই কুকুরটিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।'' এদিকে, বিজেপির নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নে কংগ্রেস নেত্রীর তীব্র কটাক্ষ, “এ নিয়ে এত আলোচনা কেন? যারা আদতে ‘কামড়ায়’ তারা সংসদে বসে সরকার চালায়, তাঁদের নিয়ে তো আলোচনা হয় না!'' রেণুকার অভিযোগ, সরকার আসল ইস্যু থেকে দৃষ্টি সরাতেই এমন তুচ্ছ বিষয়ে বিতর্ক তৈরি করছে। তাঁর প্রশ্ন, সরকারের কি অন্য কোনও কাজ নেই?'
বিজেপির (BJP) দাবি, নিয়ম ভাঙলে জবাবদিহি জরুরি। ঘটনা নিয়ে সরব হন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল (BJP MP Jagdomvika Pal)। তিনি বলেন, বিশেষ সুবিধা মানে এই নয় যে সংসদের নিয়ম ভাঙার ছাড় পাওয়া যায়। গৃহপালিত প্রাণী আনা যেতে পারে না।
এই ঘটনাকে কেন্দ্র করে দিনের শুরুতেই শীতকালীন অধিবেশনের কার্যক্রম খানিক বিপর্যস্ত হয়। লোকসভায় SIR সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দেয় বিরোধীরা। ফলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই অধিবেশন স্থগিত হয়ে যায় দুপুর দু’টো পর্যন্ত।
রাজ্যসভায় নতুন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানানোর পর লাঞ্চ পর্যন্ত স্থগিত থাকে সভা। বিভিন্ন দলের সদস্যরা আলোচনায় অংশ নেন ও উপরাষ্ট্রপতিকে স্বাগত জানান।