আমেরিকাকে নিশানায় নিয়েছেন সনিয়া। শুধু ভারত বা ইজরায়েল নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস নেত্রী।

সনিয়া গান্ধী
শেষ আপডেট: 21 June 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: গাজা ও ইরানে ইজরায়েলি হামলা (Iran Israel Conflict) নিয়ে ভারত সরকার নীরব বলে দাবি করে বিষয়টির তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী (Congress) সনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁর কথায়, এটি কেবল দেশের কণ্ঠস্বর হারানো নয়, বরং মূল্যবোধের আত্মসমর্পণও বটে।
এক সর্বভারতী সংবাদমাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে সনিয়া লিখেছেন, “গাজা এবং ইরানে ইজরায়েলের একতরফা আগ্রাসনের পরেও ভারতের (Indian Central Govt) যে নীরবতা তা ভীষণভাবে চিন্তার। এটা শুধু কূটনৈতিক নিষ্ক্রিয়তা নয়, নিজেদের কণ্ঠস্বর হারিয়ে ফেলার সমান।” তাঁর আরও বক্তব্য, বারবার শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দেওয়া ভারতের দীর্ঘদিনের ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ নীতির পরিপন্থী এই অবস্থান। তাঁর অভিযোগ, নরেন্দ্র মোদী সরকার ভারতের ঐতিহ্যগত অবস্থান থেকে সরে এসেছে।
'এখনও দেরি হয়ে যায়নি'। প্রকাশিত নিবন্ধে কংগ্রেস নেত্রী এমনটাই বলেছেন। তাঁর কথায়, ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এবং কূটনৈতিক স্তরে সক্রিয় হয়ে পশ্চিম এশিয়ায় শান্তিপূর্ণ আলোচনার পথ প্রশস্ত করতে হবে।
নিজের লেখায় ইজরায়েলি হামলার কড়া সমালোচনা করে সনিয়ে এও বলেন, বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার যে হামলা চালিয়েছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা হয়েছে। সনিয়ার অভিযোগ, নেতানিয়াহুর নেতৃত্বে শান্তির বদলে উসকানি দেওয়া হচ্ছে। তারা চরমপন্থার পৃষ্ঠপোষকতা করেছে বারবার।
আমেরিকাকে নিশানায় নিয়েছেন সনিয়া। শুধু ভারত বা ইজরায়েল নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস নেত্রী। তাঁর অভিযোগ, “যে ট্রাম্প একসময় আমেরিকার ‘অন্তহীন যুদ্ধ’ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, আজ তিনিই ইরানকে ঘিরে ভুল তথ্য ছড়াচ্ছেন। মার্কিন গোয়েন্দা প্রধানের সতর্কতা অগ্রাহ্য করে বলছেন, ইরান নাকি পরমাণু অস্ত্রের কাছাকাছি পৌঁছে গেছে।” এই বক্তব্যকে ‘গভীরভাবে হতাশাজনক’ বলে আখ্যা দিয়েছেন সনিয়া।