গত শুক্রবার থেকেই ইরানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। যুদ্ধের আবহে আকাশসীমা বন্ধ করে দেয় তেহেরান।

দেশে ফিরলেন ভারতীয় পড়ুয়ারা।
শেষ আপডেট: 21 June 2025 07:27
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার রাতে ১২টা নাগাদ ২৯০ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে দিল্লিতে অবতরণ করল ইরানের বিশেষ বিমান (Indian students are returning home)। তেহরান থেকে মাশহাদ হয়ে ভারতে পৌঁছয় এই ফ্লাইট। শনিবার আরও দুটি বিশেষ বিমানে করে আটকে থাকা বাকি পড়ুয়াকে দেশে ফেরানো হবে বলে জানানো হয়েছে।
ইরানের দূতাবাসের ডেপুটি চিফ মোহাম্মদ জাওয়াদ হোসেনি জানিয়েছেন, "আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে প্রয়োজনে আরও ফ্লাইট চালানো হবে। কারণ, ভারতীয়দের আমরা নিজেদের বন্ধু বলে ভাবি।"
আটকে থাকা পড়ুয়াদের তরফে জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ভারত সরকার, পররাষ্ট্র মন্ত্রক এবং সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ প্রকাশ করে জানিয়েছে, "সঠিক সময়ে হস্তক্ষেপ এবং সহায়তার জন্যই পড়ুয়ারা দেশে ফিরতে পারল।"
গত শুক্রবার থেকেই ইরানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। যুদ্ধের আবহে আকাশসীমা বন্ধ করে দেয় তেহেরান। এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন ইরানে আটকে থাকা হাজার খানেক ভারতীয় পড়ুয়া। তাঁদের দেশে ফেরাতে তৎপর হয় কেন্দ্রও।
বুধবার শুরু হওয়া 'অপারেশন সিন্ধু'র মাধ্যমে ভারত সড়ক পথে ইরান থেকে আর্মেনিয়া হয়ে বিশেষ বিমানে ১১০ জন পড়ুয়াকে দেশে ফেরানোর ব্যবস্থা করে। এবার ভারতের বিদেশ মন্ত্রকের আবেদনে সাড়া দিয়ে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের জন্য আকাশ সীমা খুলে দিল তেহেরান। স্বভাবতই, স্বস্তির ছাপ ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়া এবং তাঁদের পরিবারের মধ্যে।