বিহারে অন্য দলগুলি যখন আসন ভাগাভাগি নিয়ে তীব্র সংঘাতে জড়িয়েছে তখন সম্পূর্ণ উল্টো পথে হাটছে কংগ্রেস।

শেষ আপডেট: 10 October 2025 10:05
দ্য ওয়াল ব্যুরো: বিহারে অন্য দলগুলি যখন আসন ভাগাভাগি নিয়ে তীব্র সংঘাতে জড়িয়েছে তখন সম্পূর্ণ উল্টো পথে হাটছে কংগ্রেস (Congress seats in Bihar)। হাত শিবির বিহারে এবার বারটি আসন ইন্ডি জোটের শরিকদের ছেড়ে দিচ্ছে (Congress seat distribution)। কংগ্রেস ওই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) ৫৮টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০২০ নির্বাচনে হাত শিবির ৭০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
কংগ্রেসের এবার কম আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের পিছনে রয়েছে ২০২০ এর ফলাফল। সেবার বিজেপি ও জনতা দল ইউনাইটেডের নেতৃত্বাধীন এনডিএ এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতৃত্বে গঠিত মহগটবন্ধনের প্রাপ্ত আসনের ফারাক ছিল সামান্যই। অল্প কয়েকটি আসনে এগিয়ে থেকে ফেস সরকার গড়েন নীতিশ কুমারের নেতৃত্বাধীন জোট। অল্পের জন্য সরকার গড়ার সুযোগ হাতছাড়া হয় বিরোধীদের।
সেই ফলাফল নিয়ে বিহারের বিরোধী শিবিরে কাঠগড়ায় তোলা হয়েছিল কংগ্রেসকে। মহাটঠবন্ধনের শরিকরা প্রশ্ন তোলেন কংগ্রেস পারবে না জেনেও কেন ৭০ আসনে প্রার্থী দিতে গেল। সেবার জেলবন্দি লালু প্রসাদ যাদবের নির্দেশে তাঁর পুত্র আরজেডি নেতা তেজস্বী কংগ্রেসের দাবি মত ৭০ আসন দিতে রাজি হয়ে যান। বাকি শরিক দলগুলি তা নিয়ে তখনই আপত্তি তোলে।
ফল প্রকাশের পর দেখা যায় কংগ্রেস জয়লাভ করেছে মাত্র ১৯ আসনে এবং তাদের প্রাপ্ত ভোট ৯.৩ শতাংশ। কংগ্রেস নেতৃত্ব একপ্রকার মেনে নেয় ৭০ আসনে প্রার্থী দিয়ে ১৯ কেন্দ্রে জয় মোটেই ভাল ফল নয়। কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গিয়েছে। ফের মুখ্যমন্ত্রী হন নীতীশ কুমার। ওই নির্বাচনী বিপর্যয়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক চৌধুরী দল ছেড়ে নীতীশের জনতা দল ইউনাইটেডে যোগ দেন। তিনি বর্তমানে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী।
মনে করা হচ্ছে পাঁচ বছর আগের ভুলের পুনরাবৃত্তি আটকাতেই কংগ্রেস নেতৃত্ব এবার ১২ টি আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় সূত্রে খবর, এই ব্যাপারে রাহুল গান্ধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি দলকে জানিয়ে দিয়েছেন, জেতার সম্ভবনা আছে এমন আসনে প্রার্থী দিয়ে কোমর বেঁধে নেমে পড়তে হবে। একাধিক আসনে প্রার্থী দিয়ে মুখ পোড়ানো ঠিক হবে না। দলীয় সূত্রের খবর কংগ্রেস ইতিমধ্যেই ২৫ আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে।