আগামী মাসে নির্ধারিত বিহারের দুই দফার নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি (Prashant Kishor - Jan Suraaj Party)। পিকের এই নতুন দলের ৫১ জন প্রার্থীর তালিকায় রাজনীতির প্রচলিত মুখের বদলে দেখা গেল একেবারে আলাদা ছবি — প্রার্থী হয়েছেন বিশিষ্ট গণিতজ্ঞ, অভিজ্ঞ আইনজীবী, চিকিৎসক, প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা।

প্রশান্ত কিশোর
শেষ আপডেট: 9 October 2025 15:57
দ্য ওয়াল ব্যুরো: আগামী মাসে নির্ধারিত বিহারের দুই দফার নির্বাচনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি (Prashant Kishor - Jan Suraaj Party)। পিকের এই নতুন দলের ৫১ জন প্রার্থীর তালিকায় রাজনীতির প্রচলিত মুখের বদলে দেখা গেল একেবারে আলাদা ছবি — প্রার্থী হয়েছেন বিশিষ্ট গণিতজ্ঞ, অভিজ্ঞ আইনজীবী, চিকিৎসক, প্রাক্তন আমলা এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসাররা।
দলের ঘোষিত প্রথম তালিকায় প্রায় ১৬ শতাংশ প্রার্থী মুসলিম এবং ১৭ শতাংশ অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ। প্রার্থী বাছাইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাঁদের “স্বচ্ছ ভাবমূর্তির” উপর। রাজনৈতিক দুর্নীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়া প্রশান্ত কিশোর এদিন স্পষ্ট জানান—দল চাইছে এমন প্রার্থী যাঁদের সমাজে বিশ্বাসযোগ্যতা আছে।
সবচেয়ে নজর কেড়েছেন প্রখ্যাত গণিতজ্ঞ কে সি সিনহা। বিহার ও অন্যান্য রাজ্যের স্কুলে বছরের পর বছর ধরে তাঁর লেখা পাঠ্যপুস্তক পড়ানো হয়। তিনি প্রার্থী হয়েছেন পাটনার কুমহারার আসন থেকে। তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যও।
মানঝি আসন থেকে প্রার্থী হয়েছেন বিহারের বর্ষীয়ান আইনজীবী ওয়াই বি গিরি। তিনি পাটনা হাই কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় যুক্ত ছিলেন তিনি। অতীতে তিনি বিহার সরকারের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল এবং কেন্দ্রের পক্ষ থেকে পাটনা হাই কোর্টে অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের দায়িত্বও সামলেছেন।
মুজাফ্ফরপুর আসন থেকে জন সুরাজ পার্টির প্রার্থী হয়েছেন অমিত কুমার দাস। তিনি পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তনী। বহু বছর ধরে তিনি ও তাঁর স্ত্রী (যিনি নিজেও চিকিৎসক) গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। তাঁর নিজের হাসপাতালও আছে মুজাফ্ফরপুরে।
রাজনৈতিক মঞ্চে প্রশান্ত কিশোরের আবির্ভাব একসময়ে ঘটেছিল ভোটকৌশলী হিসেবে। কিন্তু এখন তিনি রাজনীতির ময়দানে নেমে এক নতুন ধারা গড়ে তুলতে চাইছেন—“বিশ্বাসযোগ্য ও শিক্ষিত মুখ” দিয়ে বিকল্প রাজনীতি। প্রথম প্রার্থী তালিকা থেকেই তার ইঙ্গিত স্পষ্ট।
রাজনৈতিক সূত্রে খবর, বিহার ভোটে রাজ্যে সব আসনেই প্রার্থী দিতে চলেছে প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি। তবে প্রাথমিক ভাবে তাঁর লক্ষ্য ৩০ থেকে ৩৫ টি আসনে জোরদার লড়াই করা। এখন দেখার তাঁর প্রার্থীরা বিহার ভোটের চিরকালীন জাত পাতের সমীকরণ ভেঙে দিতে পারে কিনা।