গত মে মাসে মণিপুরের মায়ানমার সীমান্তে ১০ জঙ্গি নিকেশের পাশাপাশি প্রচুর অস্ত্র উদ্ধার করে ভারতীয় সেনা।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 June 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পূর্ব ভারতের (North-East India) মায়ানমার সীমান্তে (Myanmar) গুলির লড়াই। ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘাতে সে দেশের সামরিক জুন্টা সরকার (Junta Govt) বিরোধীদের অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছে বলে সূত্রের খবর।
কয়েক সপ্তাহ আগে মণিপুরের ভারত-মায়ানমার সীমান্তে সেনা-জঙ্গি গুলির লড়াই হয়েছিল। সেই সংঘাতে ১০ জঙ্গি খতম হয়। এবার এই সীমান্ত সংঘাতে অবশ্য দাগি সন্ত্রাসবাদী নয়, ভারতীয় আধাসেনা অসম রাইফলসের (Assam Rifles) গুলিতে ‘পিপলস ডিফেন্স ফোর্স’-এর ১০ সদস্যের মৃত্যু হয়েছে।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করেছে, গত মে মাসের তৃতীয় সপ্তাহে এই ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিম সাগিয়াং প্রদেশের তামু জেলার জেলার সীমান্তবর্তী অঞ্চলে। যদিও মায়ানমার সরকারের তরফে এই বিষয়ে এখনও কিছু প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এই খবর প্রকাশ্যে আসার পর ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে ওই অঞ্চলের নিরাপত্তায় আরও কড়াকড়ি করা হয়েছে। কারণ সাগিয়াং প্রদেশের সঙ্গে মণিপুর, মিজোরাম এবং অরুণাচল প্রদেশের সীমান্ত যুক্ত রয়েছে।
গত মে মাসে মণিপুরের মায়ানমার সীমান্তে ১০ জঙ্গি নিকেশের পাশাপাশি প্রচুর অস্ত্র উদ্ধার করে ভারতীয় সেনা। অসম রাইফেলস-এর একটি টিমও সেই অভিযানে সামিল ছিল। মণিপুরের চান্দেল জেলার খেঞ্জয় এলাকার নিউ সামতাল গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর এসেছিল। তার জন্যই তল্লাশি অভিযান শুরু হয়। এই অভিযানের সময়ই সেনার ওপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাবও দেওয়া হয়। তাতেই ১০ জঙ্গি খতম হয়।