চিন এদিন ভারতকে তিব্বতঘটিত বিষয়ে সাবধানে পা ফেলার আর্জি জানিয়েছে।

দলাই লামা। ফাইল ছবি।
শেষ আপডেট: 4 July 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো: শীর্ষ তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার উত্তরসূরী মনোনয়ন নিয়ে ভারত-চিন সম্পর্ক ফের তলানির মুখে। ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ও বৌদ্ধ ধর্মাবলম্বী কিরেন রিজিজুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানাল কমিউনিস্ট চিন। রিজিজু বলেছিলেন, দলাই লামার উত্তরসূরী তিনি নিজেই ঠিক করবেন। এর জবাবে চিন এদিন ভারতকে তিব্বতঘটিত বিষয়ে সাবধানে পা ফেলার আর্জি জানিয়েছে। চিন বলেছে, তা না হলে দুদেশের সম্পর্কের উন্নতির পথে বাধা সৃষ্টি হতে পারে।
চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং এদিন স্পষ্টভাষায় বলেন, শিজ্যাং (তিব্বত) সম্পর্কিত ইস্যুতে নিজের দায়বদ্ধতার কথা যেন মনে রাখে দিল্লি। চতুর্দশ দলাই লামার চিন-বিরোধী বিচ্ছিন্নতাবাদী মনোভাব নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি খোলসা করে প্রকাশ করা উচিত। উল্লেখ্য, তিব্বতকে চিনের অংশ বলে দাবি করে বহুকাল ধরেই এর পৃথক নামকরণ করেছে বেজিং প্রশাসন। তারা একে শিজ্যাং বলে ডাকে।
মাও বলেন, ভারত যেন তিব্বত নিয়ে কিছু বলার আগে ভেবেচিন্তে মন্তব্য করে এবং পদক্ষেপ করে। এটা চিনের অভ্যন্তরীণ বিষয়। ফলে এ নিয়ে বাইরে থেকে কারও মতামত ভারত-চিন সম্পর্কের বিকাশ ও উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে, বলেন মাও।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রিজিজু বলেছিলেন দলাই লামার উত্তরসূরী ঠিক করার ক্ষমতা রয়েছে প্রতিষ্ঠিত একটি কমিটি ও তিব্বতি বৌদ্ধদের উপর। এর আগে চিন নোবেল শান্তি পুরস্কার জয়ী দলাই লামার উত্তরসূরী নির্বাচনকে খারিজ করে দিয়েছিল এবং বলেছিল এ ধরনের কোনও পদক্ষেপে চিনের অনুমতি থাকবে না।