বিশ্বের মধ্যে যে শিল্পীর প্রতি বেশিরভাগ মানুষ অনুরক্ত, তাঁরই গান বেশিরভাগ সময় সময় শোনেন, তিনি হলেন বাংলার গর্ব অরিজিৎ।

বাংলার গর্ব অরিজিৎ। ফাইল ছবি।
শেষ আপডেট: 4 July 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: স্পটিফাইয়ের সবথেকে জনপ্রিয় গায়কের শীর্ষে ফের ভারতের অরিজিৎ সিং। বিশ্বের মধ্যে যে শিল্পীর প্রতি বেশিরভাগ মানুষ অনুরক্ত, তাঁরই গান বেশিরভাগ সময় সময় শোনেন, তিনি হলেন বাংলার গর্ব অরিজিৎ। বিশ্ববিখ্যাত তারকা টেলর সুইফট, বিলি আইলিশ, বিটিএস, দ্য উইকএন্ড এবং আরও অনেককে পিছনে ফেলে গিটার হাতে অরিজিতের সুরধুনি মুগ্ধ করে রেখেছে এই গ্রহের মানুষকে। এবার নিয়ে অরিজিৎ পরপর তিনবার শীর্ষস্থানে থেকে হ্যাটট্রিক করলেন বলা যায়।
২০২৪ সালে অরিজিতের স্পটিফাই ফলোয়ারের সংখ্যা ছিল ১১৮ মিলিয়ন। তুম হি হো, কেসরিয়া ও তুম ক্যায়া মিলে গানগুলি জনপ্রিয়তার চূড়ায় ছিল। এবছর অরিজিতের সাইয়ারার ধুন, ভিকি কৌশল অভিনীত ছাবার জানে তু এবং অন্যান্য গান অরিজিৎকে শীর্ষ গায়কের স্থানে তুলে দিয়েছে। ১ জুলাই পর্যন্ত স্পটিফাইয়ে অরিজিৎ সিংয়ের ১৫১ মিলিয়ন ফলোয়ার রয়েছে। তাঁর পিছনে রয়েছেন ১৪ বার গ্র্যামি বিজয়িনী টেলর সুইফট। যার অনুরক্ত ভক্তের সংখ্যা ১৩৯ মিলিয়ন।
বঙ্গসন্তান অরিজিৎ এখন দেশের ঘরে ঘরে ঢুকে পড়া একটি নাম। যাঁকে অনেকে এদেশের সর্বকালের সেরা কণ্ঠ বলে মনে করেন অনেকে। বর্তমানে যিনি বেশ কয়েকজন বিখ্যাত পশ্চিমী সঙ্গীতশিল্পীকে পিছনে ফেলে দিয়েছেন। যেমন- এড শিরান (১২১ মিলিয়ন), বিলি আইলিশ (১১৪ মিলিয়ন) ও দ্য উইকএন্ড (১০৭.২ মিলিয়ন)। কোরিয়ান পপ (K-pop) জগতের ধ্রুবতারা বিটিএস মাত্র ৮০ মিলিয়নে আটকে রয়েছে। বিশ্বের স্ট্রিমিং প্ল্যাটফর্মে ক্রমাগত অরিজিৎ সিংয়ের এই উত্থান শুধুমাত্র তাঁর জন্য সুখবর নয়, গানের গ্রহে গোটা দেশের মুখ উজ্জ্বল করে চলেছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে।
অরিজিৎ ছাড়া স্পটিফাইয়ের টপ টোয়েন্টি লিস্টে স্থান পেয়েছেন আরেক ভারতীয়। তাঁর নাম এআর রহমান। রহমানের গান ও সুরের অনুরাগী ভক্তের সংখ্যা ৪৯ মিলিয়ন। সম্প্রতি অরিজিৎ সিং ও এড শিরিন মিলে স্যাফিয়ের নামে ট্র্যাক রেকর্ড করেন। যেখানে অরিজিতের জিয়াগঞ্জের স্থানীয় দৃশ্য, গঙ্গার ঘাট ছবিতে সুরের মতোই জাদু দেখিয়েছে।