গাড়িটি যখন হাইওয়েতে ছিল, হঠাৎ ড্রাইভার চলন্ত গাড়ির দরজা খুলে গুটখা ফেলতে যান। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।

শেষ আপডেট: 5 June 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত গাড়ি থেকে গুটখা ফেলতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে চলা একটি ইনোভা গাড়ির ড্রাইভার চলন্ত অবস্থায় দরজা খুলে গুটখা ফেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। গাড়ি কয়েকবার উল্টে যায়, ঘটনায় একজন নিহত এবং দু’জন গুরুতর আহত হন।
ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের বিলাসপুর-রায়পুর হাইওয়ের উপর, সোমবার ভোররাতে। নিহত ব্যক্তি, ৩১ বছর বয়সি জ্যাকি গেহি। তিনি চকরভাঠার বাসিন্দা এবং পেশায় একজন কাপড় ব্যবসায়ী।
রবিবার রাতে একটি পার্টি থেকে ফেরার সময় জ্যাকি গেহি তাঁর বন্ধু আকাশ চাঁদানিকে ফোন করে তাঁকে নিতে আসতে বলেন। আকাশ গাড়ি নিয়ে আসেন, সঙ্গে ছিলেন আরও এক বন্ধু পঙ্কজ ছাবরা। দুর্ঘটনার সময় ড্রাইভিং সিটে ছিলেন আকাশ। পাশে বসেন পঙ্কজ, পেছনে ছিলেন জ্যাকি।
রাত প্রায় ১:৩০ নাগাদ গাড়িটি যখন হাইওয়েতে ছিল, হঠাৎ আকাশ চলন্ত গাড়ির ড্রাইভার সাইডের দরজা খুলে গুটখা ফেলতে যান। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। গাড়িটি প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে, তারপর কয়েকবার উল্টে তিনজনকেই রাস্তার ওপর ছিটকে ফেলে।
জ্যাকি ছিটকে গিয়ে একটি ধাতব কোনও স্ট্রাকচারে আঘাত পান। মাথা, বুকে এবং কাঁধে মারাত্মক চোট লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপর দুই যাত্রী, আকাশ ও পঙ্কজ গুরুতর আহত হন। উল্টে যাওয়া ইনোভা সামনে দাঁড়িয়ে থাকা একটি কমার্শিয়াল গাড়ি এবং একটি পার্ক করা আরেকটি গাড়িতেও ধাক্কা মারে, যার ফলে সেই গাড়ির চালকও আহত হন।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো দুর্ঘটনার ভয়াবহতা। তা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ইনোভা গাড়িটি রাস্তায় উল্টে উল্টে যাচ্ছে এবং এক যাত্রী ছিটকে পড়ে একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খান।
छत्तीसगढ़ | बिलासपुर में गुटखा थूकने के चक्कर में गई जान, डिवाइडर से टकराकर पलटी कार, 1 मौके पर हुई मौत#Chhattisgarh #Bilaspur #RoadAccident #CarAccident pic.twitter.com/sxL01cp6Tf
— Vistaar News (@VistaarNews) June 3, 2025
পথচলতি মানুষজন দ্রুত পুলিশ ও এমারজেন্সি সার্ভিসে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায় এবং রাস্তায় পড়ে থাকা ধ্বংসাবশেষ পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী ও জীবিত যাত্রীদের বয়ান নিয়ে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।